বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
বাগেরহাটে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে রানার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
আলীমুজ্জামান রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
জানা যায়, আগুনে আলীমুজ্জামান রানার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী।
আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত যুবদল নেতার।
ভুক্তভোগী আলীমুজ্জামান বলেন, 'রবিবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহুর্তেই আগুন ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে।'
তিনি আরও বলেন, 'পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।'
এবিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, 'আগুনে ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। রানা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।'
তিনি বলেন, 'আধিপত্য বিস্তার নিয়ে ভোটের পরের রাতে ও সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়।'
