যারা নির্বাচন ব্যাহত করত চাইবে, তাদের ঝুঁকি আছে: র্যাবের ডিজি
যারা নির্বাচন ব্যাহত করত চাইবে, তাদের ঝুঁকি আছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যারা এবারের নির্বাচন ব্যাহত করতে চাইবে, জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে তাদের ঝুঁকি আছে।'
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে শেরেবাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
এসময় র্যাব মহাপরিচালক সাংবাদিকদের বলেন, 'আপনারা প্রশ্ন করতে পারেন নির্বাচনে ঝুঁকি আছে কি না। অবশ্যই ঝুঁকি আছে, কেন থাকবে না। তবে আমি মনে করি, এবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে, যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে, নির্বাচনের জালভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করতে যাবে। এদের বোধ হয় এবার প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়তে হবে।'
তিনি বলেন, 'নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনোরকম হেজিটেট করব না। ঝুঁকি যদি কারও থাকে যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইনবিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের কোনো ঝুঁকি নেই। কারণ আমরা আইন অনুযায়ী কাজ করব।'
তিনি আরও বলেন, 'এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, নির্বাচনের সিডিউল ঘোষণার আগ থেকেই আমরা কাজ করে আসছি।'
র্যাবের ডিজি বলেন, 'আমরা আমাদের যে ম্যান্ডেটেড কাজ; অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার- এসব কার্যক্রম জোরালো ছিল এবং গত প্রায় দেড়-দুই মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। গতকালও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি। আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।'
তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু দরকার সেভাবে আমরা কাজ করে আসছিলাম।'
তিনি আরও বলেন, 'নির্বাচনপূর্ব সময়টি আমরা ভালোভাবেই সম্পন্ন করেছি, ছোটখাট দুই- একটি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য নির্বাচনপূর্ব বাকি সময়টা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।'
র্যাবের ডিজি বলেন, 'নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি তা সম্পন্ন হয়েছে। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল টিম হিসেবে কাজ করব। দেশে ৬৪ জেলায় এবং মেট্রোপলিটন এলাকায় আমাদের টিম চলে গেছে। গত ৮ তারিখ থেকেই তারা মোতায়ন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হবে কোনোরকম বড় ধরনের গোলযোগ ছাড়াই।'
তিনি বলেন, 'নির্বাচনপরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা আশা করতে পারি যে নির্বাচনপূর্ব সময়টি যতটুকু আমাদের প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে বেশি ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে বলে আমরা আশা রাখি।'
তিনি আরও বলেন, 'আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে।'
নির্বাচনে জঙ্গি হামলার হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচনে জঙ্গি হামলার কোনো থ্রেট নেই। তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি।'
