আজব কায়দায় চুরি: হীরা-পান্না বসানো সোনার লকেট গিলে ফেললেন যুবক
নিউজিল্যান্ডে চুরির এক আজব ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সোনার দোকানে ঢুকে সোজা গিলে ফেললেন হীরা-পান্না বসানো একটি লকেট! তাও সাধারণ কোনো লকেট নয়, এটি বিখ্যাত ফাবারজে (Fabergé) কোম্পানির তৈরি সোনার ডিমের আকৃতির লকেট। পুলিশ ওই ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের একটি গহনার দোকানে। পুলিশ ইন্সপেক্টর গ্রে অ্যান্ডারসন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দোকানের কর্মচারীরা পুলিশকে ফোন দেন। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় এবং দোকানের ভেতর থেকেই ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
চুরির অভিযোগে তাকে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে আদালতে তোলা হবে।
গ্রেপ্তারের পরই লোকটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন অফিসার গ্রেফতার হওয়া যুবককে সবসময় চোখে চোখে রাখছেন। যেহেতু তিনি পুলিশ হেফাজতে আছেন, তাই তার স্বাস্থ্যের খেয়াল রাখা পুলিশের দায়িত্ব। তবে চুরি যাওয়া লকেটটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি (অর্থাৎ, সেটি এখনো সম্ভবত চোরের পেটের ভেতরেই আছে)।
আদালতের নথিপত্র অনুযায়ী, চুরি যাওয়া এই লকেটটির নাম 'ফাবারজে জেমস বন্ড অক্টোপুসি এগ'। এর দাম প্রায় ১৯,৩০০ মার্কিন ডলার ।
ফাবারজের ওয়েবসাইট থেকে জানা যায়, এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। এতে আছে সবুজ এনামেলের কাজ, ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীলকান্তমণি। এর ভেতরেও একটি চমক আছে। লকেটটি খুললে ভেতরে ১৮ ক্যারেট সোনার তৈরি একটি ছোট অক্টোপাস দেখা যায়। সেই অক্টোপাসের চোখ দুটো আবার কালো হীরা দিয়ে বাঁধানো।
ফাবারজে একটি ঐতিহাসিক জুয়েলারি প্রতিষ্ঠান। ১৮৪২ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এর যাত্রা শুরু হয়েছিল। সম্প্রতি তাদের তৈরি অন্য একটি 'ইম্পেরিয়াল এগ' নিলামে রেকর্ড ৩ কোটি ২ লাখ ডলারে বিক্রি হয়েছে। এসব ডিম এখন এতটাই দুর্লভ যে গত ২৩ বছরে নিলামে দেখা যায়নি। ব্যক্তিগত সংগ্রহে এমন মাত্র সাতটি ডিম টিকে আছে।
