ঈদের দীর্ঘ ছুটি, গ্যাসের সংকট: এপ্রিলে ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১০ মাসে সবচেয়ে কম রপ্তানি আয় হয়েছে এপ্রিলে। গেল মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি।
রপ্তানিকারকদের মতে, ঈদের দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ থাকা এবং শিল্পে গ্যাস সংকটের দ্বৈত প্রভাবে রপ্তানি কমেছে।
আজ সোমবার (৫ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে রপ্তানি আয় হয়েছে ৩.০১ বিলিয়ন ডলার, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এটাই চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে কম মাসিক রপ্তানি। ইপিবির তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে কম রপ্তানি হয়েছিল সেপ্টেম্বর মাসে—৩.৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল সে মাসে।
এর বিপরীতে, চলতি বছরের মার্চ মাসে রপ্তানি ছিল ৪.২৫ বিলিয়ন ডলার।
শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক— রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান টিবিএসকে বলেন, 'এপ্রিলে ৮ দিনের বেশি ঈদের ছুটি ছিল। তার সঙ্গে আবার টেক্সটাইল ও গার্মেন্টস খাতের কারখানাগুলো তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হয়েছে, এসব মিলিয়ে উৎপাদনের স্বাভাবিক ধারা ব্যাহত হয়েছে।'
তিনি বলেন, 'এ দুটি বিষয়ের মিলিত প্রভাবেই কমেছে রপ্তানি। মাহমুদ হাসান খান পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ'র সাবেক ভাইস প্রেসিডেন্ট।
