সাকিব-হাথুরুসিংহের সঙ্গে আলোচনার পর বাদ মাহমুদউল্লাহ
এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হবে মাহমুদউল্লাহ রিয়াদের? আলোচনা অথবা প্রশ্ন; ব্যাপারটি নিয়ে লম্বা সময় ধরে চর্চা হয়েছে। একই পজিশনে অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে আলোচনায় এসেছে আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারীরও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য দল আগেরদিন এই তিন ক্রিকেটারের না থাকার ব্যাপারটি একপ্রকার নিশ্চিত করে দেন। কিন্তু তার দেওয়া তথ্যে ব্যাপক গড়মিল, এই তিন ক্রিকেটারের দুজন আছেন এশিয়া কাপের দলে।
শনিবার সকাল সকাল (৯টা ৩০ মিনিট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ১৭ সদস্যের দলে নেওয়া হয়েছে আফিফ ও শামীমকে, জায়গা হয়নি শুধু মাহমুদউল্লাহর। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জানান, অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনার পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচকরা দল গড়েন, এই দল চূড়ান্ত হয় টিম ম্যানেজমেন্টের পরামর্শ বা নির্দেশনায়। টিম ম্যানেজমেন্টের বড় অংশ অধিনায়ক ও কোচ। দল নির্বাচনে অধিনায়ক ও কোচের চাওয়া, পছন্দকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। আর এখানেই দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন সর্বশেষ তিন সিরিজে দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ। দল নির্বাচনের শুরুর দিকে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনার পর অবশেষে মেলে সিদ্ধান্ত।
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ব্যাখ্যায় মিনহাজুল বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলবে, কী পরিকল্পনা…। ওই চিন্তা ভাবনা করেই রিয়াদকে বাইরে রাখা হয়েছে।'
'ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি যে, অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে, টিম কীভাবে পরিচালনা করবে, সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' যোগ করেন প্রধান নির্বাচক।
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, এরপরই বিশ্বকাপ। ভারতের অনুষ্ঠেয় বিশ্বকাপের দলের থাকবেন মাহমুদউল্লাহ? মিনহাজুল বললেন, 'বিশ্বকাপের দল আগে দেই, তারপর (মাহমুদউল্লাহ থাকবে কিনা) জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা চলছে। এশিয়া কাপের জন্য টিম ম্যানেজমেন্ট আমাদের যে পরিকল্পনা দিয়েছে যে, বাড়তি স্পিনার নিয়ে খেলা বা সিম বোলার নিয়ে খেলা, এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। সাত-আট নম্বরে কারা খেলবে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয় এবং এশিয়া কাপের জন্য দলটা দেওয়া হয়েছে।'
গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়েন মাহমুদউল্লাহ। যদিও টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও দলের বাইরে থাকেন মাহমুদউল্লাহ। এসব নিয়ে ভাবেননি তিনি, প্রস্তুত হতে নিজের মতো করে শুরু করেন অনুশীলন। পরে ৩২ সদস্যের এশিয়া কাপের বিশেষ ক্যাম্পেও মেলে ডাক। কিন্তু প্রস্তুত হলেও দলে ফেরা হলো না বাংলাদেশের হয়ে ৩৮৯টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহর।
