মেসির পিএসজি ছেড়ে মায়ামিতে যাওয়ার খবরে কী বলছেন তার এজেন্ট
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ব্যস্ত এখন লিওনেল মেসি। কিন্তু বিশ্বকাপের পরে নিজের ক্লাব পিএসজিতে ফিরে কী সিদ্ধান্ত নিবেন মেসি, সেটি নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে।
পিএসজির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন মেসি। দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে ২০২৩ এর জুনে। এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে কিছু শোনা যাচ্ছে না। তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কী পিএসজি ছাড়ছেন আর্জেন্টিনা অধিনায়ক?
গুজব উঠেছে আমেরিকান লিগের দল ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ চলছে মেসির। যেই দল আবার কিনা ডেভিড বেকহ্যামের মালিকানাধীন। বেকহ্যাম নিজেও মেসিকে দলে ভেড়াতে চান এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন।
দুয়ে দুয়ে চার মিলিয়ে গুঞ্জনটা তাই উঠেছেই। কিন্তু মেসির পক্ষ থেকে তার মুখপাত্র মার্সেলো মেনডেজ বলেছেন এটি নিতান্তই গুজব, 'মেসির মায়ামিতে যোগ দেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। এ ধরণের কোনো প্রস্তাব বা চুক্তির কথা আমরা জানি না।'
লিওনেল মেসি নিজেই জানিয়েছিলেন কাতার বিশ্বকাপই তার শেষ। ফুটবলই খেলবেন বড়জোর ২-৩ বছর। অবসর নেওয়ার আগে আমেরিকান লিগে খেলার ইচ্ছাও পোষণ করেছিলেন। সেই সূত্র থেকেই উঠেছে এমন গুঞ্জন। তবে মেসি নিজে নিশ্চয়ই এখন আর্জেন্টিনা ছাড়া আর কিছুই ভাবছেন না।
