পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবনের ছাদ ধসে ১ শিক্ষকসহ অন্তত ২৮ শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দিওয়র কলোনি এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হসপিটাল (এলআরএইচ)-এর মুখপাত্র মোহাম্মদ আসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
মোহাম্মদ আসিম আরও জানান, বেশির ভাগ শিশুর মাথায় আঘাত লেগেছে। অনেক অভিভাবক হাসপাতালে ছুটে এসেছেন। ভিড় নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছে।
হাসপাতালের মুখপাত্রের তথ্য অনুযায়ী, নিহত ও আহত শিশুরা ৬ থেকে ১২ বছর বয়সী।
দুর্ঘটনার পর লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের ভিড় সামলাতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধসে পড়া ছাদের স্তূপের নিচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে ঠিক কী কারণে স্কুলটির ছাদ ধসে পড়েছে, তা এখনও জানা যায়নি। এমনকি দুর্ঘটনার শিকার স্কুলটির নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত ও শোকাহত করেছে।'
