অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটক পুরস্কারজয়ী কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা
সংঘাতপূর্ণ নিজ জন্মভূমি কাশ্মীরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পুরস্কার পাওয়া এক চলচ্চিত্র নির্মাতাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা আটক করেছেন। তার পরিবার ও বন্ধুরা বুধবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, চলচ্চিত্র নির্মাতা বৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করছেন এবং পরে সেখানে আশ্রয়ের আবেদন করেছিলেন।
আলাদাভাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বুধবার নিশ্চিত করেছে, আরফাত শেখকে ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে। বিভাগটি জানিয়েছে, শেখ 'সাময়িক সময়ের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং বৈধভাবে থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে সেখানে অবস্থান করেছেন।'
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বলেছে, কোনো আবেদন বিচারাধীন থাকা যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা নিশ্চিত করে না। তবে শেখ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য ও অধিকার তুলে ধরার সুযোগ পাবেন বলেও জানিয়েছে বিভাগটি।
শেখের আত্মীয়স্বজন ও বন্ধুরা তার মুক্তির দাবিতে একটি বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি বিমান থেকে নামার পর ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। সংস্থাটি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অধীন।
বিবৃতিতে বলা হয়েছে, আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ায় বসবাসকারী শেখ ২০১৯ সালে চলচ্চিত্র বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করার জন্য জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
এরপর ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেন। তবে তার আশ্রয়ের আবেদনের ভিত্তি কী ছিল, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শেখের অভিবাসন-সংক্রান্ত একটি আবেদন এখনো বিচারাধীন রয়েছে এবং যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার জন্য তিনি অনুমোদিত ছিলেন।
আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছিল, তারা এমন বিদেশিদের অ-অভিবাসী ভিসা শনাক্ত করে বাতিল করার বিষয়ে কাজ করছে, যারা স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, কিন্তু পরে স্থায়ীভাবে সেখানে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন।
ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম জোরদার করেছেন। তার প্রশাসনের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও উন্নত করা।
তবে অধিকারকর্মীরা বলছেন, এই কঠোর অভিযান যথাযথ আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। তাদের মতে, এর ফলে বিশেষ করে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে এবং তারা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে আইন প্রয়োগের আশঙ্কা করছেন।
শেখের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'স্যাফরন কিংডম', যা ২০২৪ সালে মুক্তি পায়, শিকাগো ফিল্মমেকার্স অ্যাওয়ার্ডস, লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস, মেলবোর্ন ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং ওয়েক ফরেস্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
ভারত-শাসিত কাশ্মীরের বাসিন্দা শেখ টিনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী পুরস্কারও পেয়েছেন।
'স্যাফরন কিংডম' চলচ্চিত্রে ১৯৯০-এর দশকে ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পাড়ি দেওয়া একটি পরিবারের যাত্রার মধ্য দিয়ে কাশ্মীরের সংঘাতের চিত্র তুলে ধরা হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পুরো ভূখণ্ডের দাবি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান—দুই দেশই। তবে দুই দেশই কাশ্মীরের কেবল একটি অংশ করে নিয়ন্ত্রণ করে এবং এ অঞ্চল নিয়ে তাদের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে।
২০১৯ সালের আগস্টে ভারত কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসন বাতিল করে।
