অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে জড়িত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের বৈশ্বিক আহ্বান ফিলিস্তিনের
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সাথে যুক্ত ব্যবসার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক পর্যালোচনা করতে বিশ্বজুড়ে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ের হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে এ আহ্বান জানানো হয়।
জেনেভায় জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি মঙ্গলবার মানবাধিকার কার্যালয়ের এই সর্বশেষ হালনাগাদকে স্বাগত জানান। এই তালিকায় ৬১টি নতুন প্রতিষ্ঠানসহ মোট ২১৪টি কোম্পানির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ইব্রাহিম খরাইশি বলেন, 'এই মুহূর্তে এটি স্পষ্ট যে, তালিকাভুক্ত ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলোই ইসরায়েলি কোম্পানি, যাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের অন্যান্য কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।'
তিনি আরও বলেন, 'এসব ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে যেসব বিদেশি কোম্পানি সহযোগিতা বা অংশীদারিত্ব বজায় রাখছে, তাদের সেই সম্পর্কগুলো অবিলম্বে পর্যালোচনা করা প্রয়োজন।'
মানবাধিকার কার্যালয় জানিয়েছে, হালনাগাদ করা এই তথ্যভাণ্ডারে নির্দিষ্ট কিছু বসতিসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ১১টি দেশের মোট ২১৪টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফিলিস্তিনি দূত যেসব কোম্পানি ইতোমধ্যে বসতি সম্পর্কিত কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে—এমনকি পূর্বে সই করা চুক্তিও বাতিল করেছে—তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান। একইসাথে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে প্রতি বছর এই তালিকা হালনাগাদ করার আহ্বান জানান।
এই হালনাগাদ প্রতিবেদনে পূর্বে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে, কারণ মানবাধিকার কার্যালয় তথ্য পেয়েছে তারা বিতর্কিত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ সরে এসেছে।
কাউন্সিলে এই প্রতিবেদন উপস্থাপন করার সময় ইসরায়েলের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না এবং সংশ্লিষ্ট দেশ হিসেবে তাদের কোনো উত্তর বা বক্তব্য দেওয়ার সুযোগ গ্রহণ করেনি।
এদিকে, জেনেভায় জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি বলেন, 'ইসরায়েল বেসামরিক জনগণের মৌলিক অধিকারগুলো পদ্ধতিগতভাবে লঙ্ঘন করে চলেছে। কোনো আইনি সুরক্ষা ছাড়াই সামরিক অভিযান, দখলদার বসতি স্থাপনকারীদের সহিংসতা, ঘরবাড়ি ও মূল অবকাঠামো ধ্বংস এবং সাধারণ মানুষের জীবিকা কেড়ে নেওয়ার মাধ্যমে তাদের অসহনীয় মানবেতর পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।'
তিনি ইসরায়েলকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলা, জাতিসংঘ মানবাধিকার কাঠামোর সাথে সহযোগিতা করা এবং দখলদার শক্তি হিসেবে নিজেদের দায়িত্ব পালন করার জোর আহ্বান জানান।
স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, 'আমরা ইসরায়েল সরকারের প্রতি গোলান হাইটস সহ সব অধিকৃত আরব ভূখণ্ড থেকে নিজেদের প্রত্যাহার এবং পুরো লেবাননের ভূখণ্ড থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি।'
তিনি আরও বলেন, 'অধিকৃত ভূখণ্ডগুলোকে প্রকৃত অর্থে নিজের দখলে নেওয়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো ইসরায়েলকে অবিলম্বে বাতিল করতে হবে।'
তিনি উল্লেখ করেন, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় হলো 'দ্বি-রাষ্ট্র সমাধান'।
