এড শিরানের ট্যুরের ১০ লাখ ডলার আয় ফিলিস্তিনে দেওয়ার ঘোষণা ম্যাকলমোরের
এড শিরানের 'লুপ ট্যুর'-এর উদ্বোধনী শিল্পী হিসেবে পাওয়া ১০ লাখ ডলার বেতন ফিলিস্তিনিদের জন্য কাজ করা এবং গাজায় ত্রাণসহায়তা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে দান করার ঘোষণা দিয়েছেন র্যাপার ম্যাকলমোর।
ফিলিস্তিনের সমর্থনে কনসার্টের মঞ্চে বক্তব্য দেওয়ার পর তীব্র সমালোচনার মুখে উক্ত ট্যুর থেকে বাদ পড়ার পর তিনি এমন ঘোষণা দিলেন।
গ্র্যামিজয়ী এই শিল্পী নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিলিয়নিয়ার ও ইসরায়েলের বিশিষ্ট সংগ্রাহক-দাতা রবার্ট ক্রাফটকেও তার সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানান। বস্টনের উপকণ্ঠে অবস্থিত নিজ 'জিলেট স্টেডিয়াম'-এ ম্যাকলমোরকে পারফর্ম করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্রাফট।
ইনস্টাগ্রামে ম্যাকলমোর লেখেন, 'গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তারপর আমি মূল বিষয়টি ফিরিয়ে আনতে চাই সেখানে—যেখানে এটি থাকা উচিত: সেই ফিলিস্তিনিদের কাছে, যারা এখনও প্রাণ হারাচ্ছেন, এখনও সামরিক দখল অভিযানের মধ্যে বসবাস করছেন এবং এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।'
তিনি আরও বলেন, 'এড শিরানের 'লুপ ট্যুর' থেকে প্রাপ্ত আমার উপার্জনের পুরো ১০ লাখ ডলারই আমি সরাসরি ফিলিস্তিনি জনগণের সহায়তায় নিয়োজিত ছয়টি সংস্থাকে দান করব। আমি রবার্ট ক্রাফটকে আমার এই অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, হয়তো এই একটি বিষয়ে আমরা একমত হতে পারি: ফিলিস্তিনিদের জীবন রক্ষা করার মতো মূল্যবান। একজন ফিলিস্তিনির জীবন এই পৃথিবীর অন্য যেকোনো জীবনের চেয়ে কম মূল্যবান নয়।'
জবাবে রবার্ট ক্রাফট এক বিবৃতিতে জানান, তিনি ও এড শিরান এই মানবিক সংকট মোকাবেলায় আঞ্চলিক সহায়তার জন্য প্রত্যেকে ২০ লাখ (২ মিলিয়ন) ডলার করে দান করবেন। তবে কোন কোন সংস্থা বা দাতব্য প্রতিষ্ঠান এই অর্থ পাবে, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
ক্রাফট বলেন, 'আমি আমার জীবনের অনেকটাই উৎসর্গ করেছি সকল মানুষের মধ্যে সেতু রচনার কাজে। আমি গভীরভাবে বিশ্বাস করি, প্রতিটি জীবনই রক্ষার যোগ্য। আজ আরও আগের দিকে—ম্যাকলেমার আমাকে তার অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানানোর আগেই—এড আমাকে ফোন করেছিলেন এবং এই মানবিক সংকট মোকাবেলায় অঞ্চলে সহায়তার অংশ হিসেবে তার অনুদানের সমপরিমাণ ২০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিতে অনুরোধ করেছিলেন। এড এখন অন্যান্য ভেন্যু মালিকদের সাথেও যোগাযোগ করার পরিকল্পনা করছেন এবং আমাদের লক্ষ্য হলো সেতু রচনার এই কাজে একসঙ্গে কাজ করে যাওয়া।'
চলতি মাসের শুরুর দিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তার পরিবেশনা চলাকালে দেওয়া দুই মিনিটের এক বক্তৃতায় ম্যাকলমোর একটি "স্বাধীন ফিলিস্তিন" দেখার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমি চাই এই শব্দগুলো জোরালো ও স্পষ্টভাবে ধ্বনিত হোক, যাতে গাজা থেকে শুরু করে অধিকৃত পশ্চিম তীরের মানুষ জানতে পারে যে আমরা তাদের ভুলে যাইনি।' তার এই বক্তব্যের পরপরই ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল একটি পিটিশন দায়ের করে তাকে এই সফর থেকে বাদ দেওয়ার দাবি জানায়।
পরদিন আবারও মঞ্চে দাঁড়িয়ে তিনি ফিলিস্তিনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দর্শকদের মধ্য থাকা ইহুদি সদস্যদের উদ্দেশে বলেন, 'ইসরায়েলের সমালোচনা, বর্ণবাদের সমালোচনা কিংবা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনোভাবেই আপনাদের সমালোচনা করা নয়। আমার বার্তা শান্তি ও ভালোবাসার; সকল মানুষকে মর্যাদা, সম্মান ও সমতার সাথে বিবেচনা করার।'
মঙ্গলবার সকালে এক পোস্টে শিরান জানান, রাজনৈতিক বিষয়ে নিজেকে প্রকাশ্যে নিরপেক্ষ রাখার ইচ্ছা ব্যক্ত করে এনএফএল-এর দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক ক্রাফট সহ আরও কয়েকজন স্টেডিয়াম মালিক এই ব্রিটিশ গায়ককে সাফ জানান যে, ম্যাকলমোর যদি প্রারম্ভিক শিল্পী হিসেবে থাকেন, তবে তাদের স্টেডিয়ামে এই ট্যুরের কোনো অনুষ্ঠান হতে দেওয়া হবে না।
আর এর জেরেই তাকে বাদ দেওয়া হয়। এর একদিন পর, 'লুপ ট্যুর'-এর বাকি অংশের জন্য শিরানের নির্ধারিত চার প্রারম্ভিক শিল্পী—ফিনিয়াস, অ্যারন রো, বোয়েগা এবং লুকাস গ্রাহাম—ম্যাকলমোরও ফিলিস্তিনের সংহতিতে একাত্বতা প্রকাশ করে নিজেরাই সফর থেকে সরে দাঁড়ান।
পোস্টে ম্যাকলমোর বলেন, তিনি সেইসব মা-বাবাদের সবার সামনে তুলে ধরতে চান যারা চিকিৎসার ন্যূনতম সরঞ্জামহীন হাসপাতালগুলোতে নিজেদের শিশুদের কোলে করে বয়ে নিয়ে যাচ্ছেন। সেই চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের সামনে আনতে চান যারা বারবার ঘটনাস্থলে ফিরে যাচ্ছেন। আমি সেইসব সংগঠক ও আন্দোলনকারীদের সামনে আনতে চাই যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বাস্তব মূল্য চুকিয়েছেন। তাদের ঝুঁকির মাত্রা আমার ঝুঁকির চেয়ে সম্পূর্ণ ভিন্ন।'
তিনি আরও বলেন, 'ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে মৌলিক অধিকার ছাড়া বেঁচে আছেন এবং স্বাধীন হওয়ার জন্য তাদের আর একটি দিনও অপেক্ষা করা উচিত নয়। সেখানেই আমার মূল মনোযোগ থাকবে। আমি ফিলিস্তিনি জনগণ এবং তাদের মুক্তির লড়াইয়ের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। খবরের শিরোনাম যখন বদলে যাবে—যা একদিন যাবেই—তখন আপনার মনোযোগ যেন সরে না যায়। ফিলিস্তিন মুক্ত হোক।'
বুধবারের ভোরের দিকে মার্কিন পুলিশি সহিংসতার বিরুদ্ধে আন্দোলন করার কারণে যার এনএফএল ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গিয়েছিল, সেই কোলিন কেপারনিকও এনএফএল স্টেডিয়াম মালিকদের নির্দেশে ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশকারী বিশিষ্ট ব্যক্তিদের দলে যোগ দেন।
মেইডাসটাচ পডকাস্টে সাবেক এই কোয়ার্টারব্যাক বলেন, 'এই মুহূর্তে মানুষ যে বিষয়টি উপলব্ধি করবে এবং অনুধাবন করবে বলে আমি আশা করি, তা হলো রবার্ট ক্রাফট এবং তারা ম্যাকলমোরকে এড মিরানের সাথে পারফর্ম করার সুযোগ না দিয়ে মূলত এটিই প্রকাশ করছেন যে তারা চক্রান্ত করতে প্রস্তুত। এনএফএল মালিকরা প্রকাশ্যে আঁতাত করছেন।'
কেপারনিক আরও বলেন, এনএফএল মালিকরা ঠিক যেভাবে তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন, ম্যাকলমোরের ক্ষেত্রেও তারা একই কাজ করছেন। কেপারনিকের ভাষ্য, 'আমরা যখন অভিযোগ দায়ের করেছিলাম, তখন সবাই বলেছিল, এনএফএল মালিকরা এমনটি করবে না। সবাই এনএফএল-এ কেবল জিততে চায়। কিন্তু বাস্তব সত্য হলো—না। তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। তারা নিজেদের ক্ষমতা রক্ষা করতে চায়। তারা নিজেদের অর্থ রক্ষা করতে চায়।'
অন্যদিকে, সোমবার দেওয়া বিবৃতিতে ক্রাফট জানান, 'প্যাট্রিয়টসের স্টেডিয়ামে ম্যাকলমোরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং "ইহুদি-বিরোধী বক্তব্য" ও প্রতিকৃতির এক দীর্ঘ ইতিহাসের কারণে, যা আমাদের মতে ইহুদি সম্প্রদায়ের জন্য গভীরভাবে আপত্তিকর ও বেদনাদায়ক।'
