তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
তিমি শিকার নিষিদ্ধ করার লক্ষ্যে আইসল্যান্ড সরকার আগামী ফেব্রুয়ারিতে সংসদে একটি বিল উত্থাপন করবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে নরওয়ে ও জাপানই কেবল বিশ্বের এমন দুটি দেশ হবে যারা বাণিজ্যিকভাবে তিমি শিকার অব্যাহত রাখবে।
আইসল্যান্ডে বছরের পর বছর ধরে তিমি শিকার প্রাণী কল্যাণ কর্মী ও হলিউড তারকাদের প্রতিবাদের মুখে পড়েছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতায় থাকা সরকার বুধবার গভীর রাতে তাদের ওয়েবসাইটে জানায়, এই বিলে তিমি শিকারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। তিমি শিকারের তথ্য নজরদারিকারী প্রাণী কল্যাণ সংস্থা 'হিউমেন ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস'-এর মতে, জুন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলা চলতি শিকার মৌসুমে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮০টি ফিন তিমি ধরা পড়েছে। এ বছর মোট ১৫০টি ফিন তিমি শিকারের কোটা নির্ধারণ করা হয়েছিল।
'হিউমেন ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস'-এর মুখপাত্র ওয়েন্ডি হিগিন্স বলেন, 'বাণিজ্যিক তিমি শিকার নিষিদ্ধের এই বিলটির পক্ষে উল্লেখযোগ্য রাজনৈতিক ও জনসমর্থন রয়েছে। এছাড়া নৈতিক, প্রাণি চিকিৎসা, আইনি ও প্রাকৃতিক সংরক্ষণের মতো জোরালো কারণে এটি সফল হওয়ার আশা তৈরি হয়েছে।'
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) আইসল্যান্ডের তিমি শিকার শিল্পের প্রধান লক্ষ্য 'ফিন তিমি'-কে "সংকটাপন্ন" প্রজাতি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ২০২৪ সালে আইসল্যান্ডের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির একমাত্র অবশিষ্ট তিমি শিকারি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য লাইসেন্স প্রদান করে।
ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন (আইডব্লিউসি)-এর শিকার তালিকার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেবল আইসল্যান্ড, নরওয়ে এবং জাপানই বাণিজ্যিকভাবে তিমি শিকার পরিচালনা করেছে। তিমির বংশ রক্ষায় ১৯৮৬ সালে এক আন্তর্জাতিক সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা সত্ত্বেও নরওয়ে ১৯৯৩ সালে এবং আইসল্যান্ড ২০০৬ সালে পুনরায় বাণিজ্যিক তিমি শিকার শুরু করে।
জাপান ২০১৯ সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তাদের নিজস্ব আঞ্চলিক জলসীমা ও একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে পুনরায় বাণিজ্যিক তিমি শিকার শুরু করে। তবে এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো নির্দিষ্ট এলাকার আদিবাসীদের তিমি শিকারের সুযোগ দেয়, কারণ তিমিজাত পণ্য তাদের পুষ্টি ও সাংস্কৃতিক জীবনযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
