পর্যটকদের উচ্ছৃঙ্খল আচরণের জেরে ‘এয়ারবিএনবি’ ধাঁচের বাসা নিষিদ্ধ করছে টোকিও
পর্যটকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে জাপানের টোকিওর জনপ্রিয় এলাকা শিনজুকুতে স্বল্পমেয়াদি বাড়ি ভাড়া নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেই এয়ারবিএনবি ধাঁচের এই বেসরকারি আবাসনগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
জাপান পর্যটন সংস্থার (জেটিএ) তথ্য অনুযায়ী, টোকিওর প্রধান বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র শিনজুকুতে ৩,৭৭৫টি ব্যক্তিমালিকানাধীন স্বল্পমেয়াদি ভাড়াবাসা বা 'মিনপাকু' রয়েছে। এটি পুরো জাপানে থাকা প্রায় ৪২,০৭০টি এয়ারবিএনবি ধাঁচের স্বল্পমেয়াদি ভাড়াবাসার প্রায় ১০ শতাংশ।
চলতি বছর শিনজুকুর স্থানীয় বাসিন্দারা পর্যটকদের মাত্রাতিরিক্ত শব্দদূষণ, যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ এলাকায় ধূমপান এবং অন্যের সম্পত্তিতে অনধিকার প্রবেশের বিষয়ে একের পর এক অভিযোগ দায়ের করেছেন।
বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন 'শিনজুকু স্টেশন' এবং প্রাণবন্ত নৈশজীবনের এলাকা 'কাবুকিচো'-র জন্য এই ওয়ার্ডটি বিশ্বজুড়ে পরিচিত। তবে ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৬ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের যে জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা স্থানীয় পর্যায়ে অতিরিক্ত পর্যটনের (ওভারট্যুরিজম) তীব্র উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
শিনজুকুর অবকাশকালীন ভাড়াবাসা তদারককারী এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আবাসিক এলাকা এবং স্কুলের কাছাকাছি স্থানগুলোতে ব্যক্তিমালিকানাধীন এসব আবাসন নিষিদ্ধ করতে 'বর্তমান অধ্যাদেশ সংশোধন করার পরিকল্পনা' করা হচ্ছে। তিনি বলেন, 'স্বল্পমেয়াদি ভাড়াবাসার ব্যবসার সংখ্যা যত বাড়ছে, এগুলোকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ও ঝামেলাও তত বৃদ্ধি পাচ্ছে।'
তবে নতুন এই নীতিমালা কেবল বিদ্যমান ভাড়াবাসাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে জাপান পর্যটন সংস্থা আনুষ্ঠানিকভাবে সব পৌরসভাকে জানায় যে, 'শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ ও শিক্ষার পরিবেশ' রক্ষা করতে এবং 'স্থানীয় স্থায়ী জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত' রোধ করতে যে কোনো পৌরসভা চাইলে এই স্বল্পমেয়াদি বেসরকারি আবাসনগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিনজুকুর মেয়রের পক্ষ থেকে আগামী মঙ্গলবার যে নতুন নিয়ম ঘোষণা করার কথা রয়েছে, তার আওতায় ওয়ার্ডটির ৫০ শতাংশেরও বেশি স্বল্পমেয়াদি ভাড়াবাসা সম্পূর্ণ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এ ছাড়া আবাসিক এলাকাগুলোতে বছরে সর্বোচ্চ ভাড়াদানের সময়সীমা ১৮০ দিন থেকে কমিয়ে ১২০ দিনে নামিয়ে আনা হতে পারে।
এ বিষয়ে এয়ারবিএনবির এক মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, 'শিনজুকু সবসময়ই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং স্থানীয় বাসিন্দাদের উদ্বেগকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। হোম শেয়ারিং তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক এবং অতিথি পর্যটকেরা নির্বিঘ্নে একে অপরের পাশে বসবাস করতে পারেন। এই পরিবেশ বজায় রাখতেই আমরা ওয়ার্ড প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত।'
