সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, বয়কট ও সমালোচনার মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস
জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস একটি বিজ্ঞাপন প্রচারে সাবেক ইসরায়েলি সেনাসদস্যকে অন্তর্ভুক্ত করায় সমালোচনা ও পণ্য বয়কটের আহ্বানের মুখে সোমবার (৭ সেপ্টেম্বর) ক্ষমা চেয়েছে।
অ্যাডিডাসের ওই বিজ্ঞাপনে সাবেক ইসরায়েলি সেনাসদস্য শালেভ বিটনকে ইসরায়েলের একটি দোকানে জুতা পরখ করতে দেখা যায়। এরপর তাকে বাইরে দৌঁড়াতেও দেখা যায়। ২০২১ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় আহত হওয়ায় তার বাম পা কেটে ফেলতে হয়। পরবর্তীতে অ্যাডিডাস তাদের 'সিঙ্গেল শু' সেবার প্রচারে তাকে যুক্ত করে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাডিডাস এক বিবৃতিতে বলেছে: 'স্থানীয় টিমের সাম্প্রতিক একটি প্রচারণায় ব্যবহৃত ছবি নিয়ে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে—বিষয়টি আমরা স্বীকার করছি।'
প্রতিষ্ঠানটি বিবৃতিতে আরও বলেছে, 'কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। এ ঘটনায় যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'
অ্যাডিডাস জানিয়েছে, এটি কোনো বৈশ্বিক প্রচারণার অংশ নয়; বরং স্থানীয় পর্যায়ের উদ্যোগ।
আরও পড়ুন: সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
ইসরায়েলে অ্যাডিডাসের দোকানগুলোতে প্রদর্শিত পোস্টারে বিটনসহ ১১ জন প্রতিবন্ধী ক্রীড়াবিদকে দেখানো হয়েছিল।
ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে করা একটি প্রচারণায় সাবেক ইসরায়েলি সেনাকে যুক্ত করার সমালোচনা করেছেন। ইসরায়েলের গাজা যুদ্ধের সময় অঙ্গ হারানো হাজার হাজার ফিলিস্তিনির পরিস্থিতির সঙ্গে তারা অ্যাডিডাসের এই প্রচারণার তুলনা করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মে মাসে প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫ হাজারের বেশি মানুষের অঙ্গ কেটে ফেলতে হয়েছে। একই সময়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন প্রান্তে গুরুতর আঘাত পেয়েছেন ২২ হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে এক-চতুর্থাংশ শিশু।
বিজ্ঞাপনটি নিয়ে অ্যাডিডাস বয়কটের আহ্বান জানানো ব্যক্তিদের মধ্যে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও ছিলেন।
অ্যাডিডাস জানিয়েছে, অঙ্গহানি বা শারীরিক পার্থক্য থাকা ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী শুধু একটি জুতা কেনার সুযোগ দিয়ে অন্তর্ভুক্তি নিশ্চিত করাই 'সিঙ্গেল শু' সেবার উদ্দেশ্য।
জানুয়ারিতে ইউরোপের ২৩টি দেশে এই সেবা চালু করে অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির মালিকানাধীন দোকান ও আউটলেটগুলোতে এক জোড়া জুতার অর্ধেক দামে একটি জুতা কেনার সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের সঙ্গে পরামর্শ করে এই সেবা চালু করা হয়।
অ্যাডিডাস জানিয়েছে, ইউরোপের পাশাপাশি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সৌদি আরব, কুয়েত, কাতার ও মিসর।
প্রতিষ্ঠানটি বলেছে, 'আমরা যে অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধে বিশ্বাস করি, আমাদের কর্মকাণ্ডে তা প্রতিফলিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আমরা শুনব, শিখব এবং কাজ করে যাব।'
গত দেড় দশকে অ্যাডিডাস একাধিকবার এ ধরনের বিতর্কের মুখোমুখি হয়েছে।
২০১২ সালে জেরুজালেম ম্যারাথনে পৃষ্ঠপোষকতা করায় অ্যাডিডাসকে বয়কটের ডাক দেওয়া হয়। ম্যারাথনের পথ দখলকৃত পূর্ব জেরুজালেমের মধ্য দিয়ে যাওয়ায় আরব দেশগুলোর ক্রীড়া কর্মকর্তারা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরের বছর ম্যারাথনের পৃষ্ঠপোষকদের তালিকায় আর ছিল না অ্যাডিডাস।
২০১৮ সালে ফিলিস্তিনের ১৩০টির বেশি ফুটবল ক্লাব ও ক্রীড়া সংগঠন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতা বাতিলের জন্য অ্যাডিডাসকে আহ্বান জানায়। সংগঠনটির অধীনে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে থাকা কয়েকটি ক্লাব ছিল।
অ্যাডিডাস তখন বলেছিল, তারা 'রাজনৈতিকভাবে নিরপেক্ষতা' বজায় রেখে কাজ করে। পরে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে পৃষ্ঠপোষকতার চুক্তি বাতিল করে প্রতিষ্ঠানটি। তবে এর পেছনে ফিলিস্তিনিদের প্রচারণার কথা প্রকাশ্যে জানায়নি।
২০২৪ সালের জুলাইয়ে আবারও সমালোচনায় পড়ে অ্যাডিডাস। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকসকে ঘিরে করা একটি জুতার বিজ্ঞাপন থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মডেল বেলা হাদিদকে বাদ দেয় প্রতিষ্ঠানটি। ইসরায়েল তার অংশগ্রহণের সমালোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে হাদিদের কাছে ক্ষমা চায় অ্যাডিডাস। তবে তাকে বিজ্ঞাপনে ফিরিয়ে আনা হয়নি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির সমালোচনা ও বয়কটের ডাক আরও জোরালো হয়।
