অনুমতি ছাড়া হরমুজ পার হওয়ার সময় মাইনের আঘাতে সুপারট্যাংকারে আগুন, দাবি ইরানের
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার সময় দুটি মাইনের আঘাতে একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটি পুরোপুরি থেমে যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির দাবি, ট্যাংকারটি অবৈধভাবে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে জাহাজটির নাম বা এতে থাকা নাবিকদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তাদের নিরাপত্তাবিধি লঙ্ঘন করলে অন্য জাহাজেরও একই পরিণতির হবে বলে সতর্ক করেছে আইআরজিসি। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলেও জানিয়েছে তারা।
এদিকে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে আইআরজিসি। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ইরানের ফারস ও মেহর বার্তা সংস্থা আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির ওপর 'যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার এমকিউ-৯ ড্রোন' শনাক্ত করে ভূপাতিত করেছে। পরে ড্রোনটি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।
