ভারতের উত্তরপ্রদেশে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, প্রতি লিটার কেনা হচ্ছে ১০ টাকা দরে
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বুলন্দশহরে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছে। এর ফলে কৃষকদের আয় বাড়বে বলে দাবি করা হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, গরুর মূত্র সংগ্রহের মাধ্যমে গ্রামীণ নারীরা বাড়তি আয়ের সুযোগ পাবেন এবং যেসব গরু আর দুধ দেয় না, সেগুলোর রক্ষণাবেক্ষণেও সহায়তা হবে।
সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এটি একসময় রাসায়নিক উপাদানের বিকল্প হয়ে উঠতে পারে বলেও দাবি করা হচ্ছে।
পাইলট প্রকল্পটি সফল হলে আনুষ্ঠানিকভাবে একটি নীতি প্রণয়ন করা হবে এবং পুরো রাজ্যে প্রকল্পটি চালু করা হবে।
বুলন্দশহরের ১৫টি গ্রামে এই পাইলট প্রকল্প চালু হয়েছে। সিয়ানা তহসিলের নারসাইনা গ্রামে ডা. প্রবীণের নেতৃত্বে একটি এফপিও (কৃষক উৎপাদক সংগঠন)-এর মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র ১০ টাকা দরে কেনা হচ্ছে। তবে ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। গোমূত্র সংরক্ষণের জন্য গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক বসানো হয়েছে।
এই প্রকল্পে গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রামে গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি কমিশন দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রায় ৩০০ নারীর সহযোগিতায় এই উদ্যোগ শুরু হয়। তাদের সবাইকে প্রকল্পের শেয়ারহোল্ডার করা হয়েছে।
সমাজবাদী পার্টির কটাক্ষ
এদিকে, গোমূত্র সংগ্রহের প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি।
দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতেই এই 'কেলেঙ্কারি' করা হচ্ছে।
তার অভিযোগ, রাজ্যে গরুর আশ্রয়কেন্দ্র কিংবা সেসব কেন্দ্রে থাকা গরু—কোনোটিই নিরাপদ নয়। এই প্রকল্পের মাধ্যমে কোনো উন্নয়নও হবে না।
বিজেপির পাল্টা জবাব
বিজেপির মুখপাত্র হিরো বাজপাই বলেন, সমাজবাদী পার্টি প্রতিটি উন্নয়ন প্রকল্পেই সমস্যা খুঁজে পায়।
তিনি বলেন, 'যে জনগোষ্ঠীর (যাদব) স্বার্থের কথা বলে সমাজবাদী পার্টি রাজনীতি করে, সেই জনগোষ্ঠীই এই প্রকল্পের সুবিধা পাওয়ায় তারা খুশি বলে মনে হচ্ছে না।'
