আইআরজিসি সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০২৪ সালে ইরাকের ফ্লাই বাগদাদ এয়ারলাইনসসহ এর দুটি উড়োজাহাজের ওপর আরোপ করা সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব ট্রেজারি) এ তথ্য জানিয়েছে।
এয়ারলাইনটির আচরণে পরিবর্তনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ পদক্ষেপ ইরান সরকার, আইআরজিসি কিংবা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কোনো গোষ্ঠীর বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত নয়। উপসাগরীয় অঞ্চলে সংঘাত বন্ধে সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সঙ্গেও এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
ওই কর্মকর্তা জানান, আচরণে পরিবর্তনের পর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল দপ্তরের (ওএফএসি) নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাই বাগদাদ এয়ারলাইনস কোম্পানি (এফবিএ), ইরাক এক্সপ্রেস এবং দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে অর্থ মন্ত্রণালয়ের বিশেষভাবে মনোনীত নাগরিক ও প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'এফবিএ তাদের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে প্রতিষ্ঠানটিকে আর তালিকাভুক্ত রাখার প্রয়োজন নেই। নিষেধাজ্ঞাযোগ্য কার্যক্রমও তারা সংশোধন করেছে।'
তবে ফ্লাই বাগদাদের কার্যক্রমে নির্দিষ্ট কী ধরনের পরিবর্তনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে যেকোনো সময় আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
