যুক্তরাষ্ট্র-ইরানের নতুন পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪ শতাংশ
হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্র-ইরানের নতুন পাল্টাপাল্টি হামলার মধ্যে সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ২৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১০ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ১১ ডলারে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৯৫ ডলার বা ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৬ ডলারে পৌঁছায়।
ইরানে নতুন করে আবারও দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানের কয়েক ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ খবর জানিয়েছে করেছে দেশটির এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দাবি করেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান ঘোষণা দেয়, অনুমোদনহীন পথে চলাচল করা একটি জাহাজে হামলার ঘটনার পর প্রণালিটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, রোববার প্রণালিটি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তীকালীন সমঝোতার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আরও ৬০ দিনের আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো।
