যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
উপসাগরীয় অঞ্চলে নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান দাবি করেছে, আমেরিকার সাথে এমন কোনো বৈঠকের পরিকল্পনা তাদের নেই; দোহা সফরে ইরানি দল দেশটির অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করার বিষয়টি উত্থাপন করবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ দোহা যাচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।'
তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনার সূচি নির্ধারিত নেই।
তিনি আরও স্পষ্ট করেন, ইরানের একটি কারিগরি প্রতিনিধি দল এ সপ্তাহে কাতার সফর করবে ঠিকই, তবে মার্কিন কর্মকর্তাদের দোহা সফরের সাথে এর কোনো সম্পর্ক নেই।
ইরানের ভাষ্য, এই প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা নয়। বরং সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করাই তাদের মূল লক্ষ্য।
ইরানের অভিযোগ, সমঝোতা স্মারক বাস্তবায়নের গতি অত্যন্ত ধীর। বিশেষ করে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রথম অনুচ্ছেদ বাস্তবায়ন নিয়ে তাদের নানা আপত্তি, সমালোচনা ও উদ্বেগ রয়েছে।
এছাড়া সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ বাস্তবায়ন নিয়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ইরানের ব্যাখ্যা অনুযায়ী, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে ৬০ দিনের আলোচনাকালে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। ওয়াশিংটনের মতে, ইরানকে নৌ চলাচলে কোনো বাধা না দিয়ে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হবে।
এছাড়া হরমুজ প্রণালির ওমান-সংলগ্ন জলসীমা দিয়ে নতুন নৌপথ চালু করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। তাদের দাবি, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের লঙ্ঘন।
আলোচনায় ইরানি প্রতিনিধি দল প্রথম ধাপে কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দেওয়ার বিষয়টি গুরুত্ব দেবে বলে জানিয়েছে ইরান।
চার মাস ধরে চলা যুদ্ধ থামানোর লক্ষ্যে দুই সপ্তাহেরও কম সময় আগে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে নতুন করে হামলা শুরু করেছে।
রবিবার ইরান জানায়, তাদের নৌ ও বিমানবাহিনী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় চুক্তি লঙ্ঘন করা হলে আরও 'বিধ্বংসী জবাব' দেওয়া হবে।
