যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে।
তবে উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয় বলে বিবিসিকে জানান ওই মুখপাত্র। বিমানটিতে থাকা ১২ জনই ঘটনাস্থলে নিহত হন।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা ঘটনাটিকে গণহতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।'
তিনি জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি–৭৫০ মডেলের এবং এটি বিমানবন্দর ত্যাগের সময় দুর্ঘটনার শিকার হয়।
এফএএর ভাষ্য, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না। সংস্থাটির এক মুখপাত্র জানান, যে ধরনের আকাশসীমায় বিমানটি উড়ছিল, সেখানে বাধ্যতামূলকভাবে যোগাযোগ রক্ষা করার প্রয়োজন ছিল না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আশপাশের এলাকায় খোঁজ চালান, স্কাইডাইভারদের কেউ বিমান থেকে লাফিয়ে বের হতে পেরেছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য।
শেরিফ অ্যান্ডারসন বলেন, নিহতদের কয়েকজনের স্বজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।
এফএএ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এ বিষয়ে এনটিএসবির বক্তব্য জানতে যোগাযোগ করেছে বিবিসি।
