জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' নিজেকে নিয়ে একটি আলোচিত মিম শেয়ার করেছেন। এবার তিনি হাজির হয়েছেন ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আদলে।
নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। অতীতে তিনি এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা—এমনকি সাম্প্রতিক সময়ে বিতর্কের জন্ম দিয়ে যিশু খ্রিষ্টের সঙ্গেও নিজের তুলনা টেনেছেন।
সর্বশেষ পোস্টে ট্রাম্প নিজের তরুণ বয়সের একটি পুরোনো ছবি ব্যবহার করেছেন। কাঠের প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোডনেমের অনুকরণে লেখা ছিল, 'ট্রাম্প ০০৭'।
এদিকে জেমস বন্ড সিরিজের জন্য নতুন মুখ খুঁজছে অ্যামাজন এমজিএম। ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে নতুন অভিনেতা নির্বাচনের জন্য স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটির মালিক জেফ বেজোসকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয়।
এই প্রেক্ষাপটে গত ১৬ মে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্টও মজার ছলে ট্রাম্পকে 'বন্ড' হিসেবে কল্পনা করে একটি মিম প্রকাশ করে। সেখানে টাক্সিডো পরা ট্রাম্পকে ছায়ামূর্তির ভঙ্গিতে সাইলেন্সার লাগানো পিস্তল হাতে দেখা যায়।
ছবিটির নিচের ডান কোণে সোনালি সামরিক ধাঁচের ফন্টে লেখা ছিল ট্রাম্পের বহুল পরিচিত রাজনৈতিক স্লোগান—'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন'।
জেমস বন্ড চরিত্রে পরবর্তী অভিনেতা কে হবেন, তা নিয়ে এখনও জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যারন টেইলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি ও ক্যালাম টার্নারের মতো অভিনেতারা।
ড্যানিয়েল ক্রেইগ সর্বশেষ ২০২১ সালের 'নো টাইম টু ডাই' চলচ্চিত্রে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেন। এর মধ্য দিয়ে তিনি এই চরিত্রে নিজের যাত্রার ইতি টানেন। তার আগে বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন এবং পিয়ার্স ব্রসন্যান।
মঙ্গলবার ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আরও কয়েকটি পোস্টও নজর কাড়ে। একটি পোস্টে তাকে জনসমাবেশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির সঙ্গে তিনি নিজেকে 'দ্য গ্রেটেস্ট অ্যাট্র্যাকশন' বা 'সবচেয়ে বড় আকর্ষণ' হিসেবে আখ্যা দেন।
এছাড়া, তিনি প্রয়াত পপ তারকা হুইটনি হিউস্টনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবিও শেয়ার করেন। তবে ছবিটি পোস্ট করার পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ২০১২ সালে মারা যান হিউস্টন।
