‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ১২৫ মিলিয়ন লোক ভোট দিয়েছে’: এবার ব্রাজিলকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প
রোববার অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে 'ভারতের প্রেসিডেন্ট নির্বাচন' বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেছেন, নির্বাচনে প্রায় ১২৫ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। তবে পরবর্তীতে পোস্টটি সংশোধন করা হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভোট গণনায় দীর্ঘ সময় লাগার সমালোচনা করেন। তিনি লেখেন, ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়াসহ দেশটির অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে তুলনামূলক অনেক কম ভোট হওয়া সত্ত্বেও ফলাফল প্রকাশে প্রায়ই কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়।
ট্রাম্প বলেন, 'ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে আজ ১২৫ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই, একই দিনে ফলাফল প্রকাশিত হয়েছে।'
পোস্টের শেষভাগে তিনি মন্তব্য করেন, 'আমেরিকায় ভোটগ্রহণ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত'। ওই পোস্টে তিনি প্রথমে 'রিগ' (কারচুপি) শব্দটি লিখেছিলেন, পরে তা সংশোধন করে 'ক্যালকুলেট' (গণনা) শব্দটি যুক্ত করে দেন।
সংবাদমাধ্যম কোর্টহাউস নিউজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রোববার ব্রাজিলে প্রায় ১২৪.৫ মিলিয়ন মানুষ ভোট দেন, যা ট্রাম্পের দেওয়া সংখ্যার বেশ কাছাকাছি। ব্রাজিলের প্রথম ধাপের নির্বাচনের ঠিক পরের দিনই ট্রাম্প এই পোস্টটি দেন।
নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং সিনেটর ফ্লাভিও বলসোনারো দ্বিতীয় দফার (রানঅফ) ভোটে মুখোমুখি হতে যাচ্ছেন।
পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি যে নির্বাচনের কথা উল্লেখ করছেন, সেটির ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে একই দিনে ফলাফল চলে এসেছে। পোস্টের শেষে তিনি নিজের নাম হিসেবে লেখেন 'প্রেসিডেন্ট ডিজেটি'।
তবে যুক্তরাষ্ট্রের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে এমন দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
ট্রাম্পের নাম গুলিয়ে ফেলার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসে তিনি ইরানের সঙ্গে ইউক্রেনকে গুলিয়ে ফেলেন।
ইরান ও ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমি জানি না। হয়তো তারা একই টাইমটেবিলে আছে।'
এরপরই তিনি ইউক্রেন ও ইরানকে গুলিয়ে ফেলেন। তেহরান 'পরাজিত' হয়েছে—নিজের বহুল চর্চিত এই মন্তব্যটির পুনরাবৃত্তি করতে গিয়ে তিনি দেশ দুটির নাম গুলিয়ে ফেলেন।
এছাড়া জুলাইয়ে জাপানের নামও গুলিয়ে ফেলেন ট্রাম্প। একটি সংঘাতের ঘটনা বর্ণনা দিতে গিয়ে ভুল করে ইরানকে 'ইসলামিক রিপাবলিক অব জাপান' বলে বসেন তিনি। তিনি বলেন, 'আমি গতকালই গল্পটি বলছিলাম। ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।'
