ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
ফ্লোটিলা কর্মীদের সঙ্গে করা আচরণের কারণে এবার ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
চলতি সপ্তাহের শুরুতে তিনি অপহৃত ফ্লোটিলা কর্মীদের নিয়ে ব্যঙ্গাত্মক আচরণের ভিডিও প্রকাশ করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড় তুলেছে।
শনিবার (২৩ মে) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো 'এক্স'-এ বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষিদ্ধ করা হলো।'
তিনি বলেন, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রী হিসেবে থাকা ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের বিরুদ্ধে তার নিন্দনীয় আচরণের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আশদোদ বন্দরে হাত বাঁধা ও চোখ বেঁধে মেঝেতে হাঁটু গেড়ে বসা 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র কর্মীদের নিয়ে উপহাস করছেন বেন-গভির।
অভিযোগ রয়েছে, ইসরায়েলি নৌবাহিনী সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে নিয়ে যায়।
কর্মীদের মেঝেতে টেনে নেওয়ার ছবিগুলো প্রকাশ পাওয়ার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে এবং মানবিক মর্যাদা লঙ্ঘনের অভিযোগে নিন্দা জানায়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, 'আমরা কোনোভাবেই ফরাসি নাগরিকদের এভাবে হুমকি, ভয়ভীতি বা সহিংসতার শিকার হতে দিতে পারি না, বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে। আমি দেখেছি বহু ইসরায়েলি সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এসব কর্মকাণ্ডের নিন্দা করেছেন।'
তিনি আরও বলেন, 'এগুলো দীর্ঘদিন ধরে চলা উসকানিমূলক বক্তব্য, ঘৃণা ও সহিংসতা প্ররোচনার ধারাবাহিকতার অংশ, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। আমার ইতালীয় সহকর্মীর মতো আমিও ইউরোপীয় ইউনিয়নকে ইতামার বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাই।'
