ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
গত বছর ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধকালে পাকিস্তানকে রণাঙ্গনে সরাসরি কারিগরি সহায়তা দেওয়ার কথা প্রথমবারের মতো নিশ্চিত করেছে চীন। ওই সংঘাতের সময় চীনের তৈরি একটি যুদ্ধবিমান ভারতের হাতে থাকা রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।
গত বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না'র (এভিআইসি বা এভিক) চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকৌশলী ঝাং হেং-এর একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে তিনি জানান, যুদ্ধ চলাকালীন তিনি এবং তার দল পাকিস্তানে অবস্থান করে দেশটির বিমান বাহিনীকে কারিগরি সহায়তা প্রদান করেছিলেন।
পাকিস্তানের বিমান বাহিনীতে চীনের তৈরি জে-১০সিই মডেলের যুদ্ধবিমান রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধের সময় এই যুদ্ধবিমান ভারতের ফরাসি প্রযুক্তির অন্তত একটি রাফাল ফাইটার জেটকে ভূপাতিত করেছিল।
এটি ছিল প্রথম এমন ঘটনা— যেখানে চীনের তৈরি এই যুদ্ধবিমান শত্রুপক্ষের কোনো ফাইটারকে ধ্বংস করে। একই সাথে ইতিহাসে সেবারই প্রথমবারের মতো কোনো রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে।
ওই সময়ের স্মৃতিচারণ করে প্রকৌশলী ঝাং বলেন, "সাপোর্ট বেসে থাকার সময় আমরা ঘনঘন যুদ্ধবিমানের উড্ডয়নের গর্জন এবং অবিরাম বিমান হামলার সাইরেনের শব্দ শুনতাম। মে মাসের সেই সময় সকাল গড়াতেই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেত। মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদের জন্য সেটি ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা।"
ঝাং সিসিটিভি-কে আরও বলেন যে, তার টিমের মূল লক্ষ্য ছিল "সরাসরি উপস্থিত থেকে আরও নিখুঁতভাবে কারিগরি সেবা প্রদান করা", যাতে তাদের তৈরি সমরাস্ত্রগুলো "যুদ্ধে তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করতে পারে।"
