ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ তিনি শুরু করেছেন, তা ইউক্রেনে রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধের আগে শেষ হবে কি না—তা বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কথা বলার সময় তিনি দেশ দুটিকে গুলিয়েও ফেলেন। তাছাড়া, নভোচারীদের মতো মহাকাশের গভীরে যাওয়ার জন্য নিজেকে শারীরিকভাবে যথেষ্ট ফিট বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আর্টেমিস-২ চন্দ্রাভিযানের নভোচারীদের সম্মান জানাতে বুধবার ওভাল অফিস এক অনুষ্ঠানের আয়োজন করে। তবে ট্রাম্প একে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে পরিণত করেন। সেখানেই এসব কথা জানান তিনি।
নাসার যে ক্রুরা ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মহাকাশ ভ্রমণ করেছেন, তাদের সম্মান জানাতে মাত্র দুই মিনিট কথা বলেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। পরে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানকে তিনি জিজ্ঞেস করেন, 'একজন প্রেসিডেন্ট কি এ ধরনের মিশনে যেতে পারেন?'
এরপরই তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সেখানে ইউএফও (অজানা উড়ন্ত বস্তু) থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপের প্রসঙ্গও উঠে আসে।
ইরান ও ইউক্রেন নিয়ে বিভ্রান্তি
ইরান ও ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান যে তিনি জানেন না। তবে প্রশ্নটিকে তিনি 'মজার' বলে উল্লেখ করেন।
তিনি বলেন, 'কোন যুদ্ধটি আগে শেষ হবে? আমি জানি না। হয়তো তারা একই টাইমটেবিলে আছে।'
ঠিক এরপরই তিনি ইউক্রেন ও ইরানকে গুলিয়ে ফেলেন। তেহরান 'পরাজিত' হয়েছে—নিজের বহুল চর্চিত এই মন্তব্যটির পুনরাবৃত্তি করতে গিয়ে তিনি দেশ দুটির নাম গুলিয়ে ফেলেন।
পুতিনের সঙ্গে ফোনালাপ
পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপে মূলত ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে কথা হয়েছিল। ট্রাম্প বলেন, 'আমি ইউক্রেন নিয়ে কথা বলেছি, ইরান নিয়েও কিছুটা কথা হয়েছে। মূলত ইউক্রেন নিয়েই আমাদের চমৎকার আলোচনা হয়েছে। আমার মনে হয় খুব শিগগিরই আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব।'
ট্রাম্প জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনায় পুতিন যুক্ত হতে চান। জবাবে ট্রাম্প পুতিনকে বলেছেন যে তিনি বরং ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনকে কাজ করতে দেখতে বেশি পছন্দ করবেন।
এ সময় ট্রাম্প দাবি করেন পুতিনও চান না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক।
কোমিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য
ওভাল অফিসের এই আয়োজনে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
গত বছর ইনস্টাগ্রামে '৮৬ ৪৭' লেখা ঝিনুকের ছবি পোস্ট করে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কোমিকে অভিযুক্ত করেছে একটি গ্র্যান্ড জুরি। এর পরপরই বুধবার সকালে তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।
রেস্তোরাঁ শিল্পে '৮৬' সংখ্যাটি দিয়ে বোঝানো হয় যে কোনো খাবার শেষ হয়ে গেছে বা কোনো মাতাল গ্রাহককে আর মদ দেওয়া হবে না। কোমির দাবি, এই পোস্ট দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ৪৭তম প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।
কিন্তু বিচার বিভাগের অভিযোগ, কোমি এর মাধ্যমে সরাসরি প্রেসিডেন্টকে হত্যার হুমকি দিয়েছেন। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টের মাপকাঠি অনুযায়ী এই অভিযোগ আদালতে টেকার সম্ভাবনা কম।
কোমি সত্যিই তার জন্য হুমকি ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইতালীয় মাফিয়াদের ভাষায় '৮৬' মানে হলো খুন করা।
তিনি বলেন, 'মাফিয়ারা যখন কাউকে খুন করতে চায়, তখন তারা এই শব্দটি ব্যবহার করে। আমার কাছে এটি মাফিয়াদের শব্দ বলেই মনে হয়।'
রাজা চার্লসের প্রশংসা
মার্কিন কংগ্রেসে দেওয়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাষণ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট। ওই ভাষণে ন্যাটো জোটের পক্ষে জোরালো অবস্থান নেন রাজা চার্লস, যে জোটের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প।
রাজার এই ভাষণ ন্যাটো নিয়ে তার চিন্তাভাবনা বদলেছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি 'খুবই হতাশ'। কারণ গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা শুরু হলে যুক্তরাজ্যসহ ন্যাটোর অন্যান্য দেশ তাতে যোগ দেয়নি।
তবে রাজা চার্লসকে 'দুর্দান্ত' বলে প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। আমাদের অনেক কথা হয়েছে... তিনি তার দেশকে ভালোবাসেন, তিনি একজন দারুণ রাজা এবং আমার খুব ভালো বন্ধু।'
এ সময় কংগ্রেসে দেওয়া রাজার ভাষণ এবং হোয়াইট হাউসের নৈশভোজে তার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।
মহাকাশযাত্রা নিয়ে ট্রাম্পের কৌতুক
ওভাল অফিসের এই আয়োজন মূলত আর্টেমিস-২ চন্দ্রাভিযানের নভোচারীদের সম্মান জানাতেই করা হয়েছিল। এই নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড গড়েছেন। এ জন্য অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানান ট্রাম্প।
প্রেসিডেন্ট যখন বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এবং আর্টেমিস-২-এর ক্রু ক্রিস্টিনা কোখ, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান ও জেরেমি হ্যানসেন চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।
এ সময় ট্রাম্প কৌতুক করে বলেন, নাসার নভোচারী হওয়ার মতো শারীরিক সক্ষমতা তার রয়েছে। কারণ এ জন্য শারীরিকভাবে বেশ ফিট থাকতে হয়, আর তার জন্য এটি 'কোনো ব্যাপারই হতো না'।
গত ১ এপ্রিল ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযান 'ওরিয়ন'-এ চড়ে চাঁদের উদ্দেশে রওনা দেন এই ক্রুরা। ১০ এপ্রিল তারা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। এই ফ্লাইটের মাধ্যমে ক্রিস্টিনা কোখ প্রথম নারী এবং ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে চাঁদের কাছাকাছি পৌঁছানোর রেকর্ড গড়েন।
