হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব তেহরানের
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ট্রানজিট ফি ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে দেশটি।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান বলেছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।
শুক্রবার মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স (পূর্বে টুইটার)- পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এ সপ্তাহে আল জাজিরাকে বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান ও চীন সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্য দুর্বল করার উপায় খুঁজছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান প্রণালিটি অবরোধ করে এবং কার্যত টোল বুথের মতো একটি ব্যবস্থা চালু করে। এতে বাণিজ্যিক জাহাজগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে ট্রানজিট ফি দিতে বাধ্য করা হয়।
অবরোধের সময় কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়।
তবে লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ ইরানি মুদ্রায় অর্থ পরিশোধ করেছে।
