ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর
ইরানের আকাশসীমায় ভূপাতিত করা মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে।
সূত্র জানিয়েছে, বিমানটিতে দুজন ক্রু ছিলেন। ঘটনার পর তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে মার্কিন বাহিনী।
এদিকে সিএনএন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটির পাইলট জীবিত রয়েছেন। তিনি মার্কিন হেফাজতে রয়েছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে বিমানের আরেক ক্রুর বিষয়ে কোনো কিছু জানা যায়নি। সূত্র জানিয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে।
এদিকে যুদ্ধবিমানটির ক্রুদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ইরান। দেশটির একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 'যদি আপনারা শত্রু পাইলট বা পাইলটদের জীবিত আটক করে পুলিশের হাতে তুলে দিতে পারেন, তবে আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।' এছাড়া টেলিভিশনের স্ক্রিনে চলা স্ক্রলে (নিচের লেখা) জনগণকে উদ্দেশ্য করে বলা হয়েছে, 'তাদের দেখামাত্রই গুলি করুন।'
