জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ
জ্বালানি খরচ কমাতে আগামী ১৫ এপ্রিল থেকে মালয়েশিয়ার সব সরকারি মন্ত্রণালয়, সংস্থা এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' বা ঘরে বসে কাজ করার নতুন নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের ব্যবহার কমানো এবং জ্বালানি সরবরাহে স্থায়িত্ব নিশ্চিত করা।'
আনোয়ার ইব্রাহিম জানান, এই নীতিমালার বিস্তারিত আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বর্তমানে মালয়েশিয়া অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ভর্তুকি দিচ্ছে। মূলত এই বিশাল ব্যয়ভার কমানো এবং জ্বালানি সংকট মোকাবিলা করতেই মালয়েশিয়া সরকার এমন পদক্ষেপ নিয়েছে।
