ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতি চাইছেন। ট্রাম্প তাকে পূর্বসূরিদের তুলনায় 'অনেক কম কট্টরপন্থি' এবং 'অনেক বেশি বুদ্ধিমান' বলে অভিহিত করেছেন।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার আগে ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, 'ইরানের নতুন সরকারপ্রধান তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম কট্টরপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান। তিনি এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন!'
তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ 'উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত' হলেই কেবল যুদ্ধবিরতির ঘটনা ঘটতে পারে।
ট্রাম্প আরও লিখেছেন, 'তার আগ পর্যন্ত, আমরা ইরানে এমনভাবে হামলা চালাব যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। অথবা, কথায় যেমন বলে, আমরা তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!'
অন্যদিকে, মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান তাদের লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে।
তিনি বলেন, 'আপনি ইরানের জনগণের সঙ্গে হুমকি এবং সময়সীমা বেঁধে দেওয়ার ভাষায় কথা বলতে পারেন না। আমরা নিজেদের রক্ষার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করি না।'
