লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে 'মারাত্মক ভুল' করেছে ইসসরায়েলের সেনারা। ভুলবশত নিজেদের গোলাই আছড়ে পড়ল দেশের ভূখণ্ডে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন একজন ইসরায়েলি। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।
মৃত ব্যক্তির নাম ওফার মস্কোভিৎস (৬০)। গতকাল মিসগাভ আম-এ তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই 'ভুল' ধরা পড়েছে।
