ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত': ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি জীবিত আছেন তবে তিনি 'গুরুতর আহত' অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, মোজতবার বাবা তথা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রথম দিনেই নিহত হন।
গত রোববার একটি আলেম পরিষদ বা ক্লেরিক্যাল অ্যাসেম্বলি কর্তৃক নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে ইরানিরা আর জনসমক্ষে দেখেনি।
গত বৃহস্পতিবার টেলিভিশনের একজন উপস্থাপক তার হয়ে প্রথম মন্তব্যগুলো পাঠ করেন।
একজন ইরানি কর্মকর্তা গত বুধবার রয়টার্সকে জানিয়েছেন, নবনিযুক্ত সর্বোচ্চ নেতা সামান্য আহত হয়েছেন কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন তাকে 'যুদ্ধ-আহত' হিসেবে বর্ণনা করেছিল।
ফক্স নিউজের 'দ্য ব্রায়ান কিলমিড শো'-তে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি মনে করি তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার মনে হয় তিনি গুরুতর আহত হয়েছেন, তবে আমার ধারণা তিনি কোনো না কোনোভাবে বেঁচে আছেন।' তার এই বক্তব্যটি বৃহস্পতিবার ফক্স নিউজ প্রকাশ করেছে।
নিজের প্রথম বক্তব্যে মোজতবা হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেছেন এবং প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ইরান সেই ঘাঁটিগুলোতে হামলা চালাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। ইরানও এর জবাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
যুদ্ধ এখন দুই সপ্তাহের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক আর্থিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
তবে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা সবাই অনড় অবস্থানে রয়েছেন এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
