বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল।
ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলার। ২০২০ সালে মহামারি শুরুর পর এটি তেলের দামের সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল।
যুদ্ধ চলতে থাকায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বলেন, "বিশ্ব অর্থনীতি এখনো মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল, যা মূলত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়।"
রয়টার্সকে তিনি বলেন, "স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে সংঘাত দ্রুত কমে এলে, তেলের দামও কিছুটা কমতে পারে। কিন্তু কোনো স্পষ্ট রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮০ ডলারের আশপাশে উঁচু অবস্থানেই থাকবে বলে ধারণা করা যায়।"
কাসম্যানের মতে, এমন পরিস্থিতি হলে চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বার্ষিক হিসাবে প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে এবং ভোক্তা মূল্য প্রায় ১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, সংঘাত আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে।
