অস্ত্র সমর্পণ করলে ‘দায়মুক্তি’, নয়তো ‘নিশ্চিত মৃত্যু’: ইরানি বাহিনীকে ট্রাম্পের আলটিমেটাম
ইরানের অভ্যন্তরে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের 'অস্ত্র নামিয়ে রাখার' আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বাহিনীগুলোকে দেশটির বর্তমান 'শাসকগোষ্ঠীর' হাত থেকে 'নিজেদের দেশ পুনরুদ্ধার' করার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প এই আহ্বান জানান। তিনি ইরানি বাহিনীর সদস্যদের জন্য 'পূর্ণ দায়মুক্তি'র প্রস্তাব দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে, তাদের 'শতভাগ নিশ্চিত মৃত্যু'র মুখোমুখি হতে হবে।
ট্রাম্প বলেন, 'আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশের সকল সদস্যকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানাচ্ছি। এভাবে চলতে থাকলে তোমরা কেবল প্রাণই হারাবে। এখন সময় এসেছে ইরানি জনগণের পক্ষে দাঁড়ানোর এবং নিজেদের দেশকে পুনরুদ্ধারে সাহায্য করার।'
সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'দীর্ঘ এতগুলো বছর পর তোমাদের সামনে নিজেদের দেশকে ফিরে পাওয়ার সুযোগ এসেছে। দায়মুক্তির প্রস্তাব গ্রহণ করো, আমরা তোমাদের পূর্ণ নিরাপত্তা দেব।'
সবশেষে এক চরম হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তোমরা চাইলে পূর্ণ দায়মুক্তি নিয়ে পুরোপুরি নিরাপদ থাকতে পারো, নয়তো তোমাদের নিশ্চিত মৃত্যুর স্বাদ নিতে হবে। আমি এমনটা (মৃত্যু) দেখতে চাই না, আর তারাও তা চায় না।'
