ইরানে স্থলবাহিনী পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, বর্তমানে ইরানে মার্কিন সৈন্য পাঠানো হবে 'সময়ের অপচয়'। এই মুহূর্তে তিনি এমন কোনো চিন্তা করছেন না।
বৃহস্পতিবার এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'এটি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়ে ফেলেছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। যা যা হারানো সম্ভব, তারা তার সবই হারিয়েছে।'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে এনবিসি-কে বলেছিলেন যে, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত। আরাগচির এই বক্তব্যকে 'অর্থহীন মন্তব্য' বলে অভিহিত করেন ট্রাম্প।
ট্রাম্প আরও জানান, তিনি ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো 'পরিষ্কার' বা আমূল পরিবর্তন করতে চান। কারও নাম উল্লেখ না করেই তিনি বলেন, 'আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কাছে এমন কিছু লোক আছে যারা আমার মতে খুব ভালো কাজ করবে।'
এর আগে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি জোর দিয়ে বলেছিলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় 'পুরোপুরি প্রস্তুত'। তিনি অঙ্গীকার করেছেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে।
