‘ইরান অভিযান নিয়ে এখনও ‘অনেক প্রশ্ন’ রয়েছে’, ট্রাম্পকে বলেছেন মের্ৎস
গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকরা যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নবাণে জর্জরিত করছিলেন, তখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ছিলেন বেশ শান্ত। কেবল তাকে কিছু জিজ্ঞেস করা হলে বা ট্রাম্প কথা বলার সুযোগ দিলেই তিনি মুখ খুলছিলেন।
তবে ওয়াশিংটন ডিসি সফর শেষে এক মন্তব্যে মের্ৎস বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে 'এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে।'
বিশেষ করে, বর্তমান সরকার পতনের পর ইরানের ভবিষ্যৎ শাসনব্যবস্থা কী হবে— সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় যে অস্পষ্টতা রয়েছে, তার কথায় সেই দিকটিও উঠে এসেছে।
ইরানে চলমান বোমা হামলার প্রসঙ্গ টেনে মের্ৎস বলেন, 'এই পরিকল্পনা আদৌ সফল হবে কি না, এবং বাইরে থেকে সামরিক হামলা চালিয়ে একটি দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব কি না, তা আমরা এখনও জানি না।'
ওই অঞ্চলে ইউরোপের অর্থনৈতিক ও সামরিক স্বার্থের কথা মাথায় রেখে তিনি সতর্ক করে বলেন, 'এই পরিকল্পনাটি মোটেও ঝুঁকিমুক্ত নয়। আর এর যে পরিণতি হবে, তার দায়ভার আমাদেরও নিতে হবে।'
তবে হোয়াইট হাউসে নিজের তৃতীয় সফরে আসা জার্মান চ্যান্সেলর তার পুরোনো অবস্থানে বেশ স্পষ্ট ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন এবং পাল্টা হামলার জন্য ইরানের তীব্র নিন্দাও করেছেন।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্যের প্রাথমিক প্রতিক্রিয়ার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, স্টারমার কোনো 'উইনস্টন চার্চিল নন'। তবে এই ইস্যুতে স্টারমারের পাশেই দাঁড়িয়েছেন মের্ৎস।
মের্ৎস জানান, তিনি ট্রাম্পকে সরাসরি বলে দিয়েছেন যে, স্টারমারের প্রতি তার এমন সমালোচনা সম্পূর্ণ 'অযৌক্তিক'।
