‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার আহ্বান
ইরান যুদ্ধের জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ইরান যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে; এতে ইরানের মিত্র বাহিনীগুলো যুক্ত হয়েছে এবং ইরান প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে।
সোমবার স্থানীয় সময় রাতে মার্কিন নাগরিকদের বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর, গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন থেকে 'এখনই চলে যেতে' বলা হয়। গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে তাদের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, এই অঞ্চলে এক মিলিয়নেরও বেশি মার্কিন নাগরিক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তর বাহরাইন, ইরাক, জর্ডান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত জরুরি সেবায় নিয়োজিত নন এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরও দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।
অঞ্চলটিতে কয়েকটি মার্কিন দূতাবাসও বন্ধ রয়েছে।
