Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি, আল জাজিরা
03 March, 2026, 10:40 pm
Last modified: 03 March, 2026, 11:12 pm

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • ইরান যুদ্ধ নিয়ে যেভাবে ভুল সমীকরণ কষেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা
  • হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • মধ্যপ্রাচ্যে নজরদারি বিমান, আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।
রয়টার্স, বিবিসি, আল জাজিরা
03 March, 2026, 10:40 pm
Last modified: 03 March, 2026, 11:12 pm
ছবি: দ্য নিউ আরব

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৩ মার্চ) চতুর্থ দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন।

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।


মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান মধ্যপ্রাচ্যের 'সব অর্থনৈতিক কেন্দ্র' লক্ষ্য করে হামলা করবে।  

জাব্বারি বলেন, 'আমরা শত্রুদের বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত করব।'

তার উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, 'আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং শিগগিরই তা ২০০ ডলারে পৌঁছাবে।'


ইসরায়েল 'জোরালোভাবে' ইরানে হামলা চালিয়ে যাচ্ছে: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তিনি হিজবুল্লাহকে ক্রমবর্ধমান শক্তির সাথে আঘাত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, 'আমরা ইরানে জোরালোভাবে হামলা চালিয়ে যাচ্ছি। আমাদের পাইলটরা ইরান ও তেহরানের আকাশের ওপরে এবং লেবাননের আকাশের ওপরেও রয়েছে।'

তিনি আরও বলেন, 'হিজবুল্লাহ আমাদের আক্রমণ করে খুব বড় ভুল করেছে। আমরা ইতোমধ্যেই কড়া জবাব দিয়েছি এবং আমরা আরও কড়া জবাব দেব।'


লেবাননের সিদন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল  

غارة إسرائيلية على صيدا pic.twitter.com/x1JAjc8VDo— Lebanon 24 (@Lebanon24) March 3, 2026

আল জাজিরা অ্যারাবিকের খবরে বলা হয়েছে, লেবাননের সিদন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালায়। এই কেন্দ্র থেকে গোলান মালভূমির লক্ষ্য করে রকেট হামলা চালানো হতো।


বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার সকালে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। 

বিশ্লেষকদের মতে, বর্তমান সংকট আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বহু বছর ধরে উপসাগরীয় দেশগুলো তাদের উদ্বেগের কেন্দ্র হিসেবে ইয়েমেনের হুথি বা লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর দিকে নজর দিয়েছিল। এখন সেই হিসাব বদলে গেছে।

উল্লেখ্য, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত রাষ্ট্রগুলো হলো- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।


ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী 'ইরানজুড়ে' এমন স্থাপনাগুলোতে হামলা করেছে যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র তৈরি করা হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইরানজুড়ে পরিচালিত এই  হামলার সময় আইডিএফ ইরানি শাসকগোষ্ঠীর অস্ত্র তৈরির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।'


আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরক্ষা চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে।

আলী বাহরাইনি প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, 'যদি অন্য কোনো দেশে হামলা বা আক্রমণের উদ্দেশ্যে প্রতিবেশী কোনো দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়, তবে সেটি আমাদের জন্য 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে।'


ইরানের অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি সত্ত্বেও পরিদর্শকরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি।

তিনি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন,  সংস্থাটি ইরানে 'পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পদ্ধতিগত এবং কাঠামোগত কর্মসূচির উপাদান' সনাক্ত করতে পারেনি।

একই সাথে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক শক্তির চাহিদার চেয়ে অনেক বেশি।

গ্রোসি বলেছেন, এ ধরনের সমৃদ্ধকরণ এমন কিছু যা 'শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই আছে'।

তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এই সিদ্ধান্তে আসতে পারেননি যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে। তবে তিনি বলেছেন, (ইউরেনিয়ামের) মজুত গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।

তিনি বলেন, এই সমৃদ্ধকরণই ছিল 'আমাদের উদ্বেগের উৎস'।


ইরানের কোমে 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' ভবনে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলা

ইরানের পবিত্র নগরী কোমে অবস্থিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' ভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির মেহর নিউজ এজেন্সি।

উল্লেখ্য, এই পরিষদটি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন এবং তার কার্যক্রম তদারকির জন্য দায়বদ্ধ দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সংস্থা।


ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: অন্তত ৭ জন আহত

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।

জানা গেছে, তেল আবিবের ঠিক পূর্বে অবস্থিত বানি ব্রাক এবং তারও পূর্বদিকের শহর রোশ হাআইন-এ এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত এবং আকাশপথে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের টুকরোর (শার্পনেল) আঘাতে বিভিন্ন স্থানে ভবন ও যানবাহন বিধ্বস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।


লেবাননে দুই দিনে নিহত অন্তত ৪০, আহত ২৪৬

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন।


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৭ ইসরায়েলি আহত

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাতজন আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

তেল আবিবের ঠিক পূর্বে অবস্থিত বেনি ব্রাক ও পূর্বে অবস্থিত রোশ হাআইন শহরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা এবং গুলির আঘাতে ভবন ও যানবাহন ধ্বংস হয়েছে, আগুন লেগেছে এবং বিভিন্ন স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা 'উল্লেখযোগ্যভাবে কমেছে': বিশেষজ্ঞ

ভিয়েনাভিত্তিক নিরাপত্তা নীতি ও প্রতিরক্ষা বিশ্লেষক ওফগ্যাং পুস্তাই আল জাজিরাকে বলেছেন, ইরানের কাছে সম্ভবত এখনও ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম কয়েক শ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, তবে উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে মাত্র কয়েক ডজন।

তিনি বলেন, 'আর এটি ইরানের জন্য একটি সমস্যা। ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের দিকে যে সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তার সঙ্গে এখন যা ছোড়া হচ্ছে, তা তুলনা করলে এবং মাঝের সময়ের ব্যবধান দেখলে স্পষ্ট বোঝা যায় যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে।'

'ইরানের কাছে সম্ভবত প্রায় এক হাজার ২০০ থেকে দেড় হাজার স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর পাল্লা উপসাগরের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। এই স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় নিচ দিয়ে এবং ধীরগতিতে ওড়ে। ফলে এগুলো প্রতিহত করা তুলনামূলকভাবে সহজ', বলেন এই বিশেষজ্ঞ।

তারপরও এগুলো একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। 


ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, 'উদ্ধারকারী বাহিনী এবং বেশ কিছু জরুরি সেবাদানকারী দল বর্তমানে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ করছে।'

বিবৃতিতে আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কী পরিস্থিতিতে সেখানে আঘাত হেনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


তেহরানে জ্যেষ্ঠ ইরানি কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অল্প সময় আগে এই হামলাটি চালানো হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া ওই কমান্ডারের পরিচয় কিংবা অভিযানের ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, লক্ষ্য হিজবুল্লাহ নেতা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই হামলায় অনেক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।


মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তেলের সরবরাহ নিশ্চিত করতে এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করবে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাহলিল লাহাদালিয়া জানান, ইন্দোনেশিয়ার মোট অপরিশোধিত তেল আমদানির ২০ থেকে ২৫ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।


আরব আমিরাতে ইরানের হামলায় ৩ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের হামলায় ৩ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।


জর্ডান ও পশ্চিম তীরে ইরানের ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেমের নিকটবর্তী এলাকায় ইরানের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ইরানে হামলা হলে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত তেহরানসহ তার প্রতিবেশী দেশগুলোকে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী করে তুলতে পারে।

তিনি জানান, এই অঞ্চলে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতির কারণে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি দেখা দিচ্ছে, যা পুরো অঞ্চলে একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটাতে পারে।


ইরান ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকে কিছু জানায়নি

ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই হামলার বিষয়ে ইরান কাতারকে কোনো আগাম সতর্কবার্তা দেয়নি।


ইরানের প্রেসিডেন্টের দপ্তরে ইসরায়েলের হামলা, দাবি আইডিএফ-এর

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের শাসনব্যবস্থার মূল নেতৃত্বাধীন কম্পাউন্ডে শক্তিশালী হামলা চালিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তেহরানে অবস্থিত ইরানের 'প্রেসিডেন্ট দপ্তর' এবং 'সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল' ভবনের ওপর লক্ষ্য করে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, এই হামলায় একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ দেশটির শাসনব্যবস্থার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত পেতাহ তিকভা শহরে একটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২।

খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে 'ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড' [বিস্ফোরক অংশ] ছিল। 'টাইমস অব ইসরায়েল'-এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


'ধৈর্যের দিন শেষ': হিজবুল্লাহ কর্মকর্তা

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ কামাতি বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো তাদের সামনে 'প্রতিরোধ' ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ইসরায়েল যেহেতু "উন্মুক্ত যুদ্ধ" চেয়েছিল, তবে তা-ই হবে।' কামাতির মতে, 'হিজবুল্লাহর ধৈর্যের দিন শেষ।'


ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ মস্কো পায়নি বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এবং দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করতে এই যুদ্ধের প্রয়োজন ছিল।

অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা ছিল সম্পূর্ণ উসকানিমূলক। এমন এক সময়ে এই হামলা চালানো হয়েছে যখন তেহরান ও ওয়াশিংটন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় লিপ্ত ছিল।


লেবাননে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা 'চূড়ান্ত': প্রেসিডেন্ট আউন

লেবাননে হিজবুল্লাহর সকল প্রকার সামরিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে 'চূড়ান্ত' বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে 'পিছু হটার কোনো পথ নেই'।

প্রেসিডেন্ট আউন বলেন, 'মন্ত্রিসভার এই নির্দেশ অনুযায়ী হিজবুল্লাহ তাদের সকল অস্ত্রশস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে বাধ্য।' তিনি গুরুত্বারোপ করে বলেন, 'যুদ্ধ কিংবা শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক ইখতিয়ার কেবল বৈরুত (লেবানন সরকার) কর্তৃপক্ষের।'


নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের প্রবেশপথে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করল আইএইএ

ইরানের নাতাঞ্জ ভূগর্ভস্থ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের (এফইপি) প্রবেশপথের ভবনগুলো সম্প্রতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি জানায়, সবশেষ হাতে পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে।

আইএইএ আরও জানিয়েছে, এই ক্ষয়ক্ষতির ফলে কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এছাড়া গত বছরের জুনে সংঘটিত দ্বন্দ্বে নাতাঞ্জ কেন্দ্রটি এমনিতেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই নতুন করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্রে (এফইপি) বাড়তি কোনো প্রভাব শনাক্ত করা যায়নি।


ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।


সীমান্ত বন্ধ থাকায় গাজায় তীব্র জ্বালানি সংকট, দেখা দিতে পারে খাদ্যভাব

ফিলিস্তিনের গাজায় মজুত থাকা সীমিত জ্বালানি দ্রুত শেষ হয়ে আসছে এবং খুব শিগগিরই সেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণ দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় জ্বালানি ও পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে অবরুদ্ধ এই জনপদে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।

অবশ্য সোমবার গভীর রাতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মঙ্গলবার থেকে ইসরায়েল ও গাজার মধ্যকার 'কেরেম শালম' সীমান্ত পথটি পুনরায় খুলে দেবে। এর মাধ্যমে গাজায় 'ধাপে ধাপে মানবিক সহায়তা' প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ঠিক কী পরিমাণ ত্রাণ বা পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।


মার্চে আংশিকভাবে বাণিজ্যিক আকাশসীমা বন্ধের ঘোষণা পাকিস্তানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ওই অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটায় মার্চ মাসের শেষ পর্যন্ত নিজেদের আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।


মধ্যপ্রাচ্য সংকটে প্রাকৃতিক গ্যাসের দামে বড় বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে। আজ ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বেঞ্চমার্ক গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশ। উভয় বাজারেই বর্তমানে ২০২৩ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ দামে গ্যাস কেনাবেচা হচ্ছে।

এর আগে গত সোমবার গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের স্থাপনায় 'সামরিক হামলার' পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। কারণ দেশটির গ্যাস সংরক্ষণের ক্ষমতা সীমিত এবং তারা আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গ্যাসের মজুদ ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।


সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ফুজাইরা তেল শিল্প এলাকায় লাগা একটি আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোনকে গুলি করে নামানোর পর সেটির ধ্বংসাবশেষ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফুজাইরার কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি প্রতিহত করার পর সেটির অবশিষ্টাংশ নিচে পড়লে আগুন ধরে যায়। এরপরই জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ইসরায়েল সীমান্ত থেকে পিছু হটল লেবাননের সেনারা

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্ত বরাবর স্থাপিত নিজেদের 'অগ্রবর্তী অবস্থান'গুলো থেকে সরে যাচ্ছে লেবাননের সেনারা।

এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন সেনাবাহিনী সীমান্ত সংলগ্ন অন্তত সাতটি অগ্রবর্তী ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে।

ইসরায়েলি সীমান্তবর্তী জনপদগুলোতে হামলা বন্ধ করতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাটজ তার সেনাবাহিনীকে 'লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার এবং নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার' নির্দেশ দেওয়ার পরই লেবানন সেনাবাহিনীর এই পদক্ষেপের খবর সামনে আসে।


ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার পর সাইপ্রাসে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স

সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার পর সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স। মঙ্গলবার সাইপ্রাসের আধা-সরকারি বার্তা সংস্থা সাইপ্রাস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গত সোমবার সাইপ্রাসে ব্রিটেনের মালিকানাধীন সামরিক ঘাঁটি আরএএফ আক্রোতিরি-তে পৃথক দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর গ্রিস সহায়তার প্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় এবার ফ্রান্সও দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হামলার বিষয়ে জানানো হয়— প্রথম ঘটনায় ইরানের তৈরি একটি 'শাহেদ ড্রোন' ঘাঁটির রানওয়েতে আছড়ে পড়ে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়। কয়েক ঘণ্টা পর আরও দুটি ড্রোনকে আকাশেই প্রতিহত করা হয়।

সাইপ্রাস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের এই সহায়তার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি একটি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) থাকবে।

মঙ্গলবার ভোরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস-কে এ সিদ্ধান্তের কথা জানান।

সাইপ্রাস সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


পশ্চিম ইরানে আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলা: নিহত ৫, আহত ২৫

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামাদানের আবাসিক এলাকাগুলোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জনাকীর্ণ এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বিমান হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের একটি হাসপাতাল। ছবি: রয়টার্স

স্টারমার 'সহযোগিতা করেননি', যুক্তরাজ্যের সঙ্গে 'সম্পর্ক আগের মতো নেই': ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর ভূমিকার জন্য কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম 'দ্য সান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী স্টারমার 'সহযোগিতা করেননি'। তিনি আরও যোগ করেন, 'আমি কখনো ভাবিনি এমন কিছু দেখব। বিশেষ করে যুক্তরাজ্য থেকে আমি এমন আচরণ আশা করিনি।'

একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আক্ষেপ করে বলেন, 'দেখে খুবই দুঃখ হচ্ছে যে, আমাদের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের) সম্পর্ক আগের মতো আর নেই।'

গত সোমবার স্টারমার ব্রিটিশ পার্লামেন্টে বলেন, তার সরকার 'আকাশপথ থেকে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে বিশ্বাসী নয়'।

ট্রাম্পের মন্তব্যের জবাব দিল লন্ডন

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর মুখ খুলেছেন ব্রিটিশ সরকারের পদস্থ কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস। তিনি জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখনও অত্যন্ত 'গুরুত্বপূর্ণ'।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোনস বলেন, 'আমি বুঝতে পারছি, প্রথম দফার হামলায় অংশ না নেওয়ায় প্রেসিডেন্ট সন্তুষ্ট নাও হতে পারেন।'

তবে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 'যুক্তরাজ্য তখনই সামরিক বাহিনী ব্যবহার করবে যখন তার আইনি ভিত্তি থাকবে, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকবে এবং তা আমাদের দেশের স্বার্থে হবে।'


ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।


ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠল স্যটেলাইটে

তেহরানের আণবিক শক্তি প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, গত সপ্তাহান্তে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি নতুন হামলা চালিয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে ওই পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে।

ছবি: ম্যাক্সার

ইরানে স্কুলে হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা সম্পন্ন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত ১৬৫ জনের স্মরণে এক বিশাল গণজানাজা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে একটি বড় অংশই ছিল ওই স্কুলের শিক্ষার্থী।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, হাজার হাজার মানুষ একটি পাবলিক স্কোয়ারে সমবেত হয়েছেন। শোক সভার মঞ্চ থেকে 'আতেনা' নামের এক ছাত্রীর মা নিহতদের ছবি উঁচিয়ে ধরে সেগুলোকে 'আমেরিকার অপরাধের দলিল' হিসেবে অভিহিত করেন।

এ সময় জানাজায় উপস্থিত জনতা 'আমেরিকা নিপাত যাক', 'ইসরায়েল নিপাত যাক' এবং 'আমরা আত্মসমর্পণ করব না' বলে স্লোগান দিতে থাকে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র রবিবার জানিয়েছেন যে, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার খবর তাদের জানা নেই।


ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আঘাত

ওমানের দুকম বাণিজ্যিক বন্দরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এই হামলায় একটি ড্রোন সরাসরি একটি জ্বালানি ট্যাংকে আঘাত করেছে। মঙ্গলবার ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার একই বন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই হামলায় একজন শ্রমিক আহত হয়েছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।


লেবাননে আরও এলাকা দখলে স্থলসেনাদের অনুমতি নেতানিয়াহুর

লেবাননে আরও কৌশলগত এলাকা দখলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাৎজ বলেন, "সীমান্তবর্তী বসতিগুলোর দিকে হামলা ঠেকাতে আইডিএফকে লেবাননে অগ্রসর হয়ে অতিরিক্ত কৌশলগত এলাকা দখলের অনুমতি দেওয়া হয়েছে।"

লেবাননে ইসরায়েলের হামলা চলমান। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, "আইডিএফ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দিকে হামলার জন্য এই সংগঠনকে বড় মূল্য দিতে হচ্ছে এবং দিতে থাকবে।"

সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কাৎজ। তিনি বলেন, "আমরা গালিলির বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করব।"


ইরানের ইসফাহান ও শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের ইসফাহান এবং শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। তবে এসব বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলের সাম্প্রতিক 'বর্বর আগ্রাসনের' জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে তিনটি পৃথক বার্তায় জানায়, গোলান মালভূমিতে অবস্থিত 'নাফাহ' ঘাঁটিতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এছাড়া উত্তর ইসরায়েলের 'মেরন' এবং 'রামাত ডেভিড' বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া 'দীর্ঘ হবে না': ইরানি কর্মকর্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া খুব একটা 'দীর্ঘ হবে না' বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদের একজন সদস্য। সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য প্রকাশ করেছে।

পরিষদের সদস্য আলী মোআলেমি জানান, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তির প্রতি 'ব্যক্তিগত পছন্দ' বা কোনো রাজনৈতিক দল ও গোষ্ঠীর স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে না। তারা সম্পূর্ণ ধর্মীয় নীতিমালা এবং নিজস্ব বিচার-বিবেচনার ভিত্তিতে ভোট দেবেন।

আলী খামেনিকে 'বিপ্লবের শহীদ নেতা' হিসেবে উল্লেখ করে মোআলেমি বলেন, 'বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতোই এমন এক ব্যক্তিত্বকে বেছে নেবে যিনি শহীদ নেতার আদর্শের অনুসারী হবেন।'


ইসরায়েল অবস্থানরত নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই মার্কিন দূতাবাস

জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ইসরায়েলে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা করার মতো পরিস্থিতিতে নেই।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, মিশরের তাবা সীমান্ত পর্যন্ত যাওয়ার জন্য ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় বিশেষ শাটল বাস পরিচালনা করছে।

দূতাবাস বলেছে, 'আপনি যদি দেশ ত্যাগের জন্য এই পথটি বেছে নেন, তবে মার্কিন সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। যারা ইসরায়েল ছাড়তে চান, তাদের সৌজন্যমূলকভাবে এই তথ্যটি দেওয়া হয়েছে।'

দূতাবাস আরও জানিয়েছে, মিশরের সীমান্তের দিকে যাওয়া এসব বাসে চড়তে হলে মার্কিন নাগরিকদের অবশ্যই ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়ের 'ইভাকুয়েশন ফরম'-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।


ইরানের বুশেহরে ৫ আইআরজিসি সেনার মৃত্যু, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির বুশেহর প্রদেশের জাম এবং দির শহরে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত পাঁচজন সদস্য নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা আইআরজিসির বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন। বুশেহর প্রদেশের এই শহরগুলোতে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের সময় তারা প্রাণ হারান।


রিয়াদে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ মার্চ (শুক্রবার) পর্যন্ত সরাসরি উপস্থিত হওয়ার সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।


কুয়েতে মার্কিন দূতাবাস 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' বন্ধ

চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব ধরনের সাধারণ এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের অনেক দেশ—যার মধ্যে কুয়েতও রয়েছে—সেখানে অবস্থানরত আমেরিকানদের 'গুরুতর নিরাপত্তা ঝুঁকির' কথা জানিয়ে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে অবিলম্বে ওই সব দেশ ত্যাগের পরামর্শ দিয়েছিল।

উল্লেখ্য, গত সোমবার কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে 'ফ্রেন্ডলি ফায়ার' বা ভুলবশত নিজেদের গোলায় ঘটা দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনার পরপরই কুয়েতে এই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া চরম অস্থিরতার কারণেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।


হরমুজ প্রণালীতে ইরান সামুদ্রিক মাইন বসালে 'দীর্ঘমেয়াদী প্রভাব' পড়তে পারে

ইরান যদি হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন পেতে দেয়, তাহলে এর 'বড় ধরনের প্রভাব' পড়তে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মাইকেল মুলরয়।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলরয় বলেন, 'হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে তৈরি হওয়া হুমকি, বিশেষ করে সামুদ্রিক মাইনের আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্র এখন ইরানের নৌবাহিনী ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে।'

মুলরয় বলেন, 'সামুদ্রিক ইস্যুটি এখন অত্যন্ত সংকটপূর্ণ হয়ে উঠেছে।'


ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি

পুলিশ সূত্রের বরাত দিয়ে উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।


ইরাক, জর্ডান ও বাহরাইন থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান, বাহরাইন এবং ইরাক থেকে জরুরি কাজের সাথে যুক্ত নন এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওই দেশগুলো ত্যাগের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া ধারাবাহিক কয়েকটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।

ইরানের সাথে চলমান সংঘাতের কারণে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বাহরাইনে ইরানি ড্রোন আঘাত হেনেছে এবং মঙ্গলবার উত্তর ইরাকের একটি ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা হয়েছে বলে জানা গেছে।

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতা আপডেট করেছে এবং 'নিরাপত্তা জনিত কারণে' জরুরি কাজের সঙ্গে যুক্ত নন এমন সরকারি কর্মচারীদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাগদাদে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের জন্য শহরটির আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

বাহরাইনেই জাফাইরে ইরানের ড্রোন হামলা। ছবি: রয়টার্স

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন যে, 'গুরুতর নিরাপত্তা ঝুঁকির' কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে 'এই মুহূর্তেই' বাণিজ্যিক যানবাহনের (যেমন নিয়মিত ফ্লাইট) মাধ্যমে চলে যাওয়া উচিত।

মার্কিন নাগরিকদের দ্রুত ফিরে আসার এই নির্দেশনার আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো—বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।


রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সব কনস্যুলার সেবা স্থগিত যুক্তরাষ্ট্রের

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে তাদের বিভিন্ন মিশনের সব ধরনের সেবা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার থেকে সব সাধারণ ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

Security Alert: Consular Appointments Cancelled – U.S. Mission to the Kingdom of Saudi Arabia (Mar. 3, 2026)

The U.S. Mission to Saudi Arabia is closed on Tuesday, March 3. All routine and emergency American Citizen Services appointments are cancelled. The shelter in place…

— U.S. Embassy Riyadh (@USAinKSA) March 3, 2026

একই সঙ্গে রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থিত মার্কিন মিশনগুলোতে অবস্থানরতদের জন্য 'শেল্টার ইন প্লেস' অর্থাৎ নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশনা জারি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দূতাবাসে হামলার ঘটনা লক্ষ্য করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে যাতায়াত এড়ানো উচিত। পাশাপাশি, সকল মার্কিন নাগরিককে তাদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের কাছে 'চিরকাল' যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে থাকা 'মাঝারি ও উচ্চ-মাঝারি' মানের যুদ্ধাস্ত্রের বিশাল মজুদ দিয়ে 'চিরকাল' পর্যন্ত যুদ্ধ চালানো সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা লিখেছেন।

ট্রাম্প লিখেছেন, 'আমাদের কাছে এসব অস্ত্রের মজুদ কার্যত অফুরন্ত। যুক্তরাষ্ট্র পূর্ণ প্রস্তুতি নিয়েছে, এবং আমরা বড় জয় পাওয়ার জন্য প্রস্তুত!!!'


১০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন প্রস্তাব নাকচ করেছিল ইরান: উইটকফ

ইরানের সঙ্গে সাম্প্রতিক পারমাণবিক আলোচনা নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ। তিনি জানিয়েছেন, আলোচনার শুরুতেই ইরান তাদের কাছে থাকা সমস্ত পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের 'অবিচ্ছেদ্য অধিকার' দাবি করে বসে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, 'আমরা এর জবাবে বলেছি—প্রেসিডেন্ট মনে করেন আপনাদের থামানোর অবিচ্ছেদ্য অধিকার আমাদের রয়েছে।' তিনি আরও জানান, ইরানের এমন অনড় অবস্থান দেখে তিনি 'হতবাক' হয়েছিলেন এবং তখনই বুঝেছিলেন যে আলোচনা খুব একটা সহজ হবে না।

মার্কিন এই দূত জানান, আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছিল যে ইরান যেন আগামী ১০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকে। এর বিনিময়ে ওয়াশিংটন তাদের প্রয়োজনীয় জ্বালানির সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইরান এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

উইটকফ দাবি করেন, এই প্রত্যাখ্যানের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে যে, 'পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার পেছনে তাদের আর কোনো লক্ষ্য নেই।'

মার্কিন দূতের এই মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।


ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের হামলা অব্যাহত

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি জানিয়েছেন, তাদের বিমান বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ইরানের বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আদ্রায়ি জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাতেও আক্রমণ চালিয়েছে।


দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে আকাশচুম্বী হতে পারে মূল্যস্ফীতি: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাসের সরবরাহ কমে গেলে ইউরোজোনে মূল্যস্ফীতি অনেক বেড়ে যেতে পারে এবং উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেন ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

লেন বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসা এই সংকটের তীব্রতা মূলত সংঘাতের ব্যাপ্তি এবং এটি কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করবে।

তিনি ২০২৩ সালে ইসিবির প্রকাশিত একটি বিশ্লেষণের কথা উল্লেখ করেন। সেখানে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে যদি জ্বালানি সরবরাহ ধারাবাহিকভাবে কমতে থাকে এবং ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়, তবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে এবং উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাবে।


তেহরান ও বৈরুতে আইডিএফ-এর হামলা শুরু

ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে হামলা শুরু করার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, "আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতের সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে সুনির্দিষ্ট হামলা পরিচালনা করছে।"

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি এ অভিযানকে "ব্যাপক বিমান হামলার একটি ঢেউ" হিসেবে বর্ণনা করেছেন।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি এবং আশপাশের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য 'জরুরি সতর্কবার্তা' দেওয়ার প্রায় এক ঘণ্টা পর হামলা শুরু হয়। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্র মজুতের স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এ হামলা চালানো হচ্ছে।


বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রচার করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা 'ফারস নিউজ' একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একের পর এক রকেট দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটছে।

আইআরজিসি দাবি করেছে, বাহরাইনের শেখ ঈসা এলাকায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটির কমান্ড ও স্টাফ ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় ঘাঁটির জ্বালানি ট্যাংকেও ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ছবি: গুগল ম্যাপ থেকে সংগৃহীত

অবশ্য এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাপ্তরিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছিল।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ ওই অঞ্চলের আরও এক ডজন দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত আমেরিকানদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


বৈরুতে আরও হামলা চালিয়েছে ইসরায়েল 

বৈরুতের দাহিদে শহরতলির হারেত হরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার খবর দিয়েছে আল জাজিরা।

গত এক ঘণ্টায় দাহিদে এলাকায় অন্তত দুটি হামলার পর এই নতুন অভিযান শুরু হলো।

লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলা। ছবি: স্ক্রিনগ্র্যাব/রয়টার্স

এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী দাহিদের আল হাদাথ এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে।


বিপ্লবী গার্ড বাহিনীর 'কমান্ড ও কন্ট্রোল স্থাপনা' ধ্বংসের দাবি মার্কিন সামরিক বাহিনীর

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ড ও কন্ট্রোল স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমানঘাঁটি ধ্বংস করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে সেন্টকম এই দাবি জানালেও এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

সেন্টকম আরও জানিয়েছে, "ইরানি শাসনব্যবস্থা থেকে আসা যেকোনো আসন্ন হুমকির বিরুদ্ধে আমরা এ ধরনের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।"


বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সংঘাত ছড়িয়ে পড়া এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হুমকির ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েলের [অপরিশোধিত তেল] দাম প্রতি ব্যারেলে ১.৭০ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ৭৯.৪৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮২.৩৭ ডলার পর্যন্ত উঠেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিনশেষে তেলের দাম ৬.৭ শতাংশ বেশি নিয়ে বাজার বন্ধ হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১.১৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ৭২.৪০ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই তেলের দাম ব্যারেল প্রতি ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান আইজি-র বিশেষজ্ঞ টনি সিকামোর রয়টার্সকে বলেন, 'আপাতত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী কার্যত বন্ধ এবং ইরান এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাত যত দীর্ঘ হবে, তেলের দাম আরও বাড়ার ঝুঁকি ততই বাড়বে।'

এদিকে, জ্বালানি তেলের পাশাপাশি সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান 'কাতার এনার্জি' তাদের স্থাপনায় 'সামরিক হামলার' খবর নিশ্চিত করে উৎপাদন বন্ধ ঘোষণা করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।


ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে 'একঝাঁক ড্রোন' ব্যবহার করে তারা ওই ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের চালানো প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে।


লেবাননের ৫৯ এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

লেবাননের একাধিক এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য 'জরুরি সতর্কতা' জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি দক্ষিণ লেবাননের অন্তত ৫০টি এলাকার একটি তালিকা প্রকাশ করেন। তিনি এসব এলাকাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে দাবি করেন, ওই অঞ্চলে 'হিজবুল্লাহর কার্যক্রম' রয়েছে।

পোস্টে আদ্রায়ি লিখেছেন, "আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। গ্রামগুলো থেকে অন্তত ১,০০০ মিটার (এক কিলোমিটার) দূরে কোনো খোলা জায়গায় অবস্থান নিন।"

তিনি আরও সতর্ক করে বলেন, "যারা হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা যুদ্ধসরঞ্জামের কাছাকাছি অবস্থান করছেন, তারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। নিজের এবং প্রিয়জনদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ওই এলাকাগুলো ত্যাগ করুন।"


ট্রাম্প যুক্তরাষ্ট্রকে 'বহুবছরের যুদ্ধে' জড়াতে দেবেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্প 'অন্তহীন' বিদেশি যুদ্ধ এড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন—এমন অভিযোগ সঠিক নয়। সমালোচকদের এ দাবি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তি দেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, "এবারের বিষয়টি আলাদা, কারণ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন তিনি ঠিক কী অর্জন করতে চান। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে এমন কোনো বহুবছরের দ্বন্দ্বে জড়াতে দেবেন না, যার কোনো স্পষ্ট সমাপ্তি বা নির্দিষ্ট উদ্দেশ্য নেই।"

ভ্যান্স জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, "সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া প্রেসিডেন্ট দেশকে যুদ্ধে জড়াতে দেবেন না। এর অর্থ হলো, ইরাক ও আফগানিস্তানে আমরা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলাম, সেগুলোতে আমরা আর পড়ব না।"


ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

স্পেন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে তাদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও করতে দেওয়া হবে না। মাদ্রিদ এই অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে।

সোমবার স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, "আমার কাছে থাকা সমস্ত তথ্যের ভিত্তিতে আমি নিশ্চিত করছি যে, এই সামরিক অভিযানের জন্য ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না।"

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: রয়টার্স

গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলাকে 'অযৌক্তিক' এবং আন্তর্জাতিক আইনের বাইরে একটি 'বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ' বলে নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।


পাকিস্তানে সব ভিসা ইন্টারভিউ বাতিল করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় 'নিরাপত্তা পরিস্থিতি'র কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ভিসা সাক্ষাৎকার বাতিলের ঘোষণা দিয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বাতিলের সিদ্ধান্ত আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

রোববার করাচি কনস্যুলেটে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ওই হামলার ঘটনা ঘটে।


'এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়': নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধই মধ্যপ্রাচ্যে 'শান্তির প্রবেশপথ' উন্মুক্ত করবে।

অভিযানটি দ্রুত ও সহজ হবে এমন প্রতিশ্রুতি দিলেও, যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কা তিনি উড়িয়ে দিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্কের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, "আমরা এর আগে 'আব্রাহাম অ্যাকর্ডস' [শান্তি চুক্তি] করেছি, যার মাধ্যমে চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আরও অনেক দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে পারব।"

সমালোচনার মুখে পড়লেও যুদ্ধের ফলাফল নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; বরং এটি শান্তির প্রবেশপথ। মানুষ যা বলছে, বাস্তবে বিষয়টি তার ঠিক উল্টো।"


রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং ইরান সংঘাতে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিষ্ঠানটির এক প্রতিবেদক এক্সে এ তথ্য জানান।

প্রতিবেদক কেলি মেয়ার তার পোস্টে বলেন, "তিনি আমাকে বলেছেন, স্থলসেনা মোতায়েনের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।"

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুটি ড্রোন রিয়াদে মার্কিন দূতাবাসে আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়।


রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে আগুন লাগার খবর পাওয়া গেছে।

ঘটনা সম্পর্কে অবগত তিনজন রয়টার্সকে জানান, মঙ্গলবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাসে আগুনের শিখা দেখা যায়। তাদের একজন বলেন, আগুনের "মাত্রা খুব বেশি ছিল না"।

বিষয়টি নিশ্চিত করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ড্রোন হামলায় মার্কিন দূতাবাসে "সীমিত" আকারে আগুন লাগে এবং অবকাঠামোর "সামান্য" ক্ষয়ক্ষতি হয়েছে।

রিয়াদের কূটনৈতিক এলাকায়—যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে—সেখানে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

এদিকে রিয়াদে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অঞ্চলটির সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা হয়েছে।


হরমুজ প্রণালীতে ৬ তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত, আটকা ১৫০ জাহাজ; পারস্য উপসাগরে জাহাজের বিমা বাতিল

ইরানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজের 'যুদ্ধকালীন ঝুঁকি বিমা' ('ওয়ার রিস্ক কাভারেজ') বাতিল করছে বিমা কোম্পানিগুলো। এতে ওই অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

চলমান এই সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ছয়টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন নাবিক প্রাণ হারিয়েছেন। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় ১৫০টি জাহাজ আটকা পড়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের মুখে এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো হামলার শিকার হচ্ছে।


হরমুজ প্রণালী পাড়ি দিলে জাহাজ জ্বালিয়ে দেওয়ার হুমকি

বন্ধ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করলে জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির রেভল্যুশনারি গার্ডস কর্পসের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা এই পথে জাহাজ চালানোর চেষ্টা করবে, তাদের জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জাবারি বলেন, 'তেলের দাম বর্তমানে ৮১ ডলারে পৌঁছেছে এবং বিশ্ব নিশ্চিতভাবেই এটি অন্তত ২০০ ডলারে পৌঁছানোর অপেক্ষায় আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা এবং সেনাবাহিনীর বীর সদস্যরা এই প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে।'

তিনি আরও বলেন, 'শত্রুপক্ষকে চাপে না রাখা পর্যন্ত আমরা এই অঞ্চলের তেল পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করব এবং এখান থেকে কোনো তেল রপ্তানি করতে দেব না। আমেরিকানদের ওপর লক্ষ কোটি ডলারের ঋণের বোঝা রয়েছে এবং তারা এই অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। কিন্তু তারা এখান থেকে এক ফোঁটা তেলও পাবে না।'

ইনফোগ্রাফ: আল জাজিরা

এই ঘোষণা এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। তেলের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধের হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় পাঁচভাগের একভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত। এটি উত্তরের উপসাগরকে দক্ষিণের ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে।

সবচেয়ে সরু স্থানে প্রণালীর প্রস্থ ২১ মাইল (৩৩ কিলোমিটার)। তবে দুই দিকে জাহাজ চলাচলের পথের প্রস্থ মাত্র ২ মাইল (৩ কিলোমিটার)।

বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সার তথ্য অনুযায়ী, গত বছর গড়ে প্রতিদিন ২ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট ও জ্বালানি এই প্রণালী দিয়ে গেছে।

ওপেকভুক্ত দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের অধিকাংশ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। এর প্রধান গন্তব্য এশিয়া অঞ্চল।

বিশ্বের অন্যতম বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কাতারও তাদের প্রায় পুরো এলএনজি এই প্রণালী দিয়েই পাঠায়।

Related Topics

টপ নিউজ

ইরানে ইসরায়েলের হামলা / হরমুজ প্রণালী / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • ইরান যুদ্ধ নিয়ে যেভাবে ভুল সমীকরণ কষেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা
  • হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • মধ্যপ্রাচ্যে নজরদারি বিমান, আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net