রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে বিমান হামলার সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব।
জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এর প্রভাবের মুখে পড়ল।
স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, 'এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে।' একই সঙ্গে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।
এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে।
ইয়েমেনের জনবহুল অধিকাংশ এলাকা আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুথিরা চলতি মাসে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নেওয়া। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর ওপরও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দাব ব্যবহার করছিল। তবে হুথিরা এখন সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধ ঘোষণা করেছে।
সমুদ্রপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর থেকে বাব আল-মান্দাব প্রণালী দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে তেলবোঝাই পাঁচটি জাহাজ ওই পথ দিয়ে গেছে।
হুতিরা অবশ্য বলছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত এবং অবাধে চলাচলের সুযোগ রয়েছে।
এদিকে জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে।
এর ফলে আগে থেকেই মানবিক সংকটে থাকা ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
