হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবানন সরকার। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান।
তিনি বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের ভূমিকা শুধু রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে সীমিত রাখছি। লেবাননের ভূমি থেকে বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান আমরা মেনে নিই না।
প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহর সব কার্যক্রম 'অবৈধ'। আমরা সংঘর্ষ বন্ধ এবং আবার আলোচনা শুরুর অঙ্গীকার করছি।
এর কয়েক ঘণ্টা আগে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার জবাবে দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। সশস্ত্র এই গোষ্ঠী জানায়, তাদের হামলা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে। জবাবে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এতে ৩০ জনের বেশি নিহত এবং ১৪৯ জন আহত হয়।
