ইসরায়েলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন যৌন অপরাধী এপস্টিন, ছিলেন মোসাদের এজেন্ট: এফবিআইয়ের নথিতে দাবি
২০২০ সালের এক এফবিআই নথি থেকে জানা গেছে, কুখ্যাত ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে 'গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ' নিয়েছিলেন। এই তথ্যটি সম্প্রতি জনসমক্ষে আসা এপস্টিন ফাইলসে রয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই নথিকে কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্স-এর (সিএইচএস) প্রতিবেদন হিসেবে চিহ্নিত করেছে। নথিতে প্রাথমিকভাবে 'যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বা বৈদেশিক অনভিপ্রেত প্রভাব' সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকলেও, ওই সূত্র পরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়।
নথি অনুযায়ী, ওই সূত্র হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিৎজ ও এপস্টিনের মধ্যে হওয়া ফোনালাপের তথ্য জানতেন এবং সেই কথোপকথনের নোট রাখতেন। এই ফোনালাপের বিস্তারিত তথ্য পরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো।
২০২০ সালের ১৬ অক্টোবর তথ্য প্রদানকারী এই সূত্র দাবি করেন, এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন 'অপরাধী' হিসেবে গণ্য করতেন। ওই সূত্র এপস্টিন সম্পর্কে অনেক কথোপকথন শোনার পর নিশ্চিত হন যে, এপস্টিন প্রকৃতপক্ষে মোসাদের একজন এজেন্ট ছিলেন।
ওই সূত্র আরও জানান, ডারশোভিৎজ অন্য একজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন, 'এপস্টিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ—উভয় পক্ষের গোয়েন্দা সংস্থার সাথেই যুক্ত ছিলেন।'
এপস্টিন ফাইলসে মাত্র একবার উল্লেখ থাকা এই সূত্রটি আরও দাবি করেন যে, ডারশোভিৎজ নিজেও মোসাদের হয়ে কাজ করতেন।
অ্যালান ডারশোভিৎজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তিত্ব এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি এপস্টিন, হার্ভে ওয়াইনস্টাইন ও ডোনাল্ড ট্রাম্পের মতো হাই-প্রোফাইল ব্যক্তিদের আইনি লড়াইয়ে তাদের পক্ষে কাজ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডে ওয়ান ভেঞ্চারস নামক একটি ভেনচার ক্যাপিটাল ফার্ম সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চুরির উদ্দেশ্যে কাজ করছিল বলে ওই সূত্র বিশ্বাস করতেন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এপস্টিনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচার। সূত্রের দাবি অনুযায়ী, মাশা রুশ যুব আন্দোলনে ভ্লাদিমির পুতিনের প্রধান যোগাযোগকারী ছিলেন।
এছাড়াও ওই সূত্র ট্রাম্পের জামাতা ও একসময়ের উপদেষ্টা জ্যারেড কুশনারের পরিবারের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্কের ইঙ্গিত দেন। তিনি জ্যারেডের বাবা চার্লস কুশনার ও ইসরায়েলের সঙ্গে কুশনার পরিবারের গভীর সম্পর্ক ও তাদের দুর্নীতির ব্যবসায়িক ইতিহাসের কথা উল্লেখ করলেও কথিত সেই দুর্নীতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
সম্প্রতি প্রকাশিত অন্যান্য নথিতে দেখা গেছে, এপস্টিন ও এহুদ বারাকের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারাক ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
নথি অনুসারে, এপস্টিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিয়ার সম্পর্কে বারাককে পরামর্শ দিতেন। এমনকি তিনি সাবেক ব্রিটিশ মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনকে একটি জ্বালানি কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে 'বিপুল পরিমাণ' পরামর্শক ফি দেওয়ার বিষয়েও বারাকের সাথে আলোচনা করেছিলেন।
