ইরানে 'জয়ী' হতে চান ট্রাম্প; রাজনৈতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো জয়ী হওয়া। তবে তেহরান এই মন্তব্যকে দেশীয় রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দেওয়ার অংশ হিসেবে দেখছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য ট্রাম্পকে হুমকিস্বরূপ মনে করছে বলে অভিযোগ করেছেন।
ইরান বিষয়ে তার নীতির লক্ষ্য কী—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'মূল লক্ষ্য হলো জয়ী হওয়া। আমি জিততে পছন্দ করি।'
সিবিএস নিউজ-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত ও কার্যকরী বিজয়ের উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার এবং ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির হত্যার কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, 'বিক্ষোভ করা এক কথা, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার শিকার হলে এবং ফাঁসির মতো ঘটনা ঘটলে—এটা তাদের জন্য ভালোভাবে শেষ হবে না।' ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দেয়, যুক্তরাষ্ট্র 'খুব শক্ত পদক্ষেপ' নেবে।
অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠিতে তিনি তার দেশের প্রতি ট্রাম্পের 'হস্তক্ষেপমূলক আচরণের' বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইরাভানি পরিষদের সদস্যদের জানান, মার্কিন প্রেসিডেন্টের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট—যেখানে বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানানো হয়েছে—তা 'স্পষ্টভাবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে উৎসাহিত করে, সহিংসতায় উস্কানি ও আমন্ত্রণ জানায় এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।'
ইরাভানি বলেন, 'আজ মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সেই বিবৃতি, যেখানে তিনি 'প্রতিষ্ঠানগুলো দখল' করার আহ্বান জানিয়েছেন, সেটিকে ২০২৫ সালের জুনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো ১২ দিনের ব্যর্থ আগ্রাসী যুদ্ধের প্রেক্ষাপটে বুঝতে হবে। এটি মূলত শাসনব্যবস্থা পরিবর্তনের একটি বৃহত্তর নীতির অবিচ্ছেদ্য অংশ।'
তিনি আরও বলেন, 'নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য, বিশেষ করে তরুণদের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসকগোষ্ঠী সরাসরি এবং অনস্বীকার্য আইনি দায়বদ্ধতা বহন করে।'
