লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে: ক্রেমলিন
ক্রেমলিন সোমবার জানিয়েছে যে, ভারত তার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যেখানে লাভজনক সেখান থেকে তেল কিনবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি নিউ দিল্লিকে শাস্তি দিয়েছেন কারণ যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সহায়তা করছে।
গত সপ্তাহে নয়াদিল্লি সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব দেন।
সাংবাদিকদের সঙ্গে এক ফোনকলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, 'ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে আসছে। ভারতের যেখান থেকে সুবিধা হয়, তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। আর আমরা যতদূর বুঝি, আমাদের ভারতীয় অংশীদাররা তাদের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে এই নীতি অব্যাহত রাখবেন।'
