কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলাটি করা হয়েছে।
এ হামলাকে 'সঠিক সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ। তিনি হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, 'বিশ্বের কোথাও ইসরায়েলের হাত থেকে সন্ত্রাসীদের রেহাই নেই এবং থাকবেও না।'
এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ পর সেখানে ধোঁয়া দেখা গেছে।
হামাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, দোহায় তাদের বৈঠকের সময় হামাসের প্রতিনিধিদলকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামাসের আরেকটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইসরায়েল হামাসের যেই নেতাদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, তারা দোহায় ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।
এদিকে, ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এক বিবৃতিতে বলা হয়েছে, এই অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। এক বিবৃতিতে ইরানও এ হামলার নিন্দা জানিয়েছে।
