‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
রোববার ভোরে কাতার সরকারের তরফে জানানো হয়েছে, 'যান্ত্রিক ত্রুটি'র কারণে উপসাগরীয় জলসীমায় বিধ্বস্ত হয়েছে তাদের একটি সামরিক হেলিকপ্টার। নিখোঁজ ক্রু ও আরোহীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছেন উদ্ধারকারীরা।
সমাজমাধ্যম এক্স-এ একটি বিবৃতি জারি করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, 'রুটিন কর্তব্য পালনের সময় কাতারের একটি হেলিকপ্টারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর জেরে সেটি দেশের আঞ্চলিক জলসীমায় ভেঙে পড়ে।
'নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।'
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই উদ্ধারকাজে একাধিক বিশেষজ্ঞ দল নামানো হয়েছে। তবে হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন বা সেটি নির্দিষ্টভাবে কোথায় যাচ্ছিল, তা প্রশাসনের তরফে এখনও স্পষ্ট করা হয়নি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েকবার হামলার নিশানায় পরিণত হয়েছে কাতার। তবে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার জেরে যে সংঘাত তৈরি হয়েছে, তার সঙ্গে এই কপ্টার দুর্ঘটনার এখনও কোনো যোগসূত্র মেলেনি।
