ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৩৭, 'অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির' আহ্বান জাতিসংঘ প্রধানের
উত্তর গাজার একটি শরণার্থী শিবিরের দুটি এলাকাকে লক্ষ্য করে পৃথক বিমান হামলায় কমপক্ষে আরও ৩৭ জন নিহত হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়ার আল-কাসাইব এবং হালিমা আল-সাদিয়া এলাকায় ইসরায়েলি বোমা হামলা চালানো হয়।
দক্ষিণ গাজায় বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি।
প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের হামাদ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বোমা হামলা হয়।
আরেকটি পৃথক হামলার পর ইয়ারমুকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে 'অবিলম্বে' যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
চীনের রাজধানী বেইজিং-এ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের একটি ফোরামে জাতিসংঘ প্রধান এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার নিন্দা করেন তিনি।
গতকাল গাজা সিটিতে অবস্থিত আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে সে হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়।
