আবারও ইউক্রেন যুদ্ধের সেনাপতি বদল, সুরোভিকিনের জায়গায় জেনারেল গেরাসিমভ
তিন মাসের মাথায় আবারও ইউক্রেন যুদ্ধের সেনাপতি বদল করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে দায়িত্বে বসিয়েছেন তিনি। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার (১১ জানুয়ারি) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক ঘোষণার মধ্য দিয়ে নতুন এই রদবদলের কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গত কয়েক মাসের যুদ্ধে একাধিক ব্যর্থতার কারণেই সরিয়ে দেওয়া হয়েছে সুরোভিকিনকে।
এদিকে, ২০১২ সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফের পদে রয়েছেন ৬৮ বছর বয়সী ভ্যালেরি গেরাসিমভ। সোভিয়েত পরবর্তী যুগে রুশ সেনাবাহিনীতে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। পুতিনের আস্থাভাজন এই সেনা অফিসার 'দক্ষ পরিকল্পনাকারী' হিসেবেও পরিচিত। সুরোভিকিনকে আপাতত গেরাসিমভের সহকারীর দায়িত্ব পালনে নিয়োজিত করা হয়েছে।
গত অক্টোবরে রুশ বাহিনীর 'কঠোরতম জেনারেল' হিসেবে পরিচিত সুরোভিকিনের হাতে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন পুতিন। কিন্তু তারপরেও যুদ্ধের গতি বদলায়নি। ইউক্রেন সেনাদের প্রত্যাঘাতে হাতছাড়া হয়েছে দক্ষিণের খেরসন প্রদেশ; চলমান যুদ্ধে খেরসনের নিয়ন্ত্রণ দখল ছিল রাশিয়ার জন্য বড় একটি সাফল্য।
এছাড়া, উত্তরের খারকিভ, জাপোরিজিয়াতেও অবস্থান মজবুত করেছে ইউক্রেনীয় বাহিনী। কৃষ্ণসাগরের উপকূলবর্তী ওডেসা এবং মারিয়ুপোলে হামলাকারী রুশ বাহিনীকেও বেশ কিছুটা পিছু হটতে হয়েছে এই সময়ের মধ্যে। ফলে ধারণা করা হচ্ছে, এসব কারণেই মাত্র তিন মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়েছে সুরোভিকিনকে।
তবে আবার অনেকেই বলছেন, ইউক্রেনে চলমান 'বিশেষ অপারেশন'-এর সম্মিলিত সেনাপতি হওয়ায় অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছিলেন এই কমান্ডার। এমনকি, পুতিনের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং জেনারেল গেরাসিমভকেও মানছিলেন না তিনি। এ কারণেও তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক।
