জাতিসংঘে মস্কো-বিরোধী প্রস্তাবে আবারও ভোটদানে বিরত ভারত
রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একজন স্বাধীন ও নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ দিতে চায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। এই লক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার সদস্য দেশগুলোর মধ্যে এক ভোটাভুটির আয়োজন করা হয়।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ১৭ সদস্য প্রস্তাবটির পক্ষে, ৬ সদস্য বিপক্ষে এবং ২৪ সদস্যদেশ ভোটদানে বিরত থেকেছে। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতীয় সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলে বিতর্ক সভার আয়োজন সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের ওপরে সদস্য দেশগুলোর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ভোটদানে বিরত থাকে ভারত। মূলত পশ্চিমা দেশগুলোর আহ্বানে ওই খসড়া প্রস্তাবটি আনা হয়েছিল। এবার রাশিয়াতেও মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের খসড়া প্রস্তাব আনে ইউরোপীয় সদস্য দেশগুলো। কিন্তু সেখানে ভোট দেননি ভারতীয় প্রতিনিধি।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যের বিরুদ্ধে মানবাধিকার পরিস্থিতি তদন্তের জন্য বিশেষ দূত নিয়োগে সম্মত হয়েছে মানবাধিকার কাউন্সিল। শুক্রবার এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে চীন।
জাতিসংঘের প্রস্তাবে বলা হয়, বছরব্যাপী নিয়োগের পুরো সময়ে 'দেশের ভেতরে এবং বাইরে রুশ নাগরিক সমাজসহ সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ, পরীক্ষা এবং মূল্যায়ন করবেন নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞ'।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শরৎকালীন অধিবেশনের শেষ দিন ছিল শুক্রবার। রাশিয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে ভোটদান ছিল সেখানে। একমাত্র হাঙ্গেরি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশগুলো রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে অবিলম্বে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দেয়।
আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির অভিযোগ, বিরোধী দল, বেসরকারি সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে বহু আগে থেকেই দমননীতি নিয়ে এসেছে মস্কো। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে সেদেশে মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ জন্যই রাশিয়ায় অবিলম্বে বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, এমন প্রস্তাবের সম্পূর্ণ বিরোধীতা করেছে রাশিয়া। ভোটাভুটির প্রতিক্রিয়া মস্কো পরিষ্কার জানিয়ে দিয়েছে, জাতিসংঘকর্তৃক নিযুক্ত কোনো স্বাধীন বিশেষজ্ঞকে সহযোগিতা করবে না দেশটি। রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
