আত্মানুসন্ধানের বার্তা নিয়ে দ্যা রোভারের নতুন অ্যালবাম ‘আয়না’ আসছে ১ অক্টোবর
ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড 'দ্যা রোভার' চলতি বছর নিয়ে আসছে তাদের দ্বিতীয় অ্যালবাম 'আয়না'। যাকে মূলত একটি ডাবল অ্যালবাম বা কম্পাইলেশন বলা যায়। এর আগে গত বছরের শুরুর দিকে রিলিজ হয়েছিল তাদের প্রথম অ্যালবাম 'সমধর্মিতা'।
অ্যালবামটিতে তাদের প্রথম অ্যালবামের সবগুলো গান, নতুন আরও ৯টি গান ও ২টি ট্রিবিউট থাকছে। ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও ওয়েস্টার্ন রক অ্যান্ড রোল—দু'রকমের সঙ্গীতের প্রতি দ্যা রোভারের অনুরাগ স্পষ্ট ফুটে ওঠে তাদের গানে। সাইকেডেলিক সাউন্ড, ইস্টার্ন ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জি নিয়ে তৈরি গানগুলোয় দ্যা রোভার বারবার বলতে চায় আত্মানুসন্ধানের কথা, একাত্মতা ঘোষণা করতে চায় সমগ্র প্রাণ ও প্রকৃতির সাথে।
দ্যা রোভারের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কালের পরিক্রমায় দ্যা রোভার এখন একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্য সংখ্যা ৩। গিটারে আছেন রাতুল, বেজে আছেন জাফরী এবং ড্রামসে আছেন তুনান। গান গেয়েছেন তিনজনই। নিজেদের কথা ও সুরের অনুপ্রেরণা হিসেবে তারা ভাবেন মানুষের সাথে মানুষের ও অন্য সকল প্রাণের গভীর বন্ধনকে।
আগামী ১ অক্টোবর রিলিজ হচ্ছে দ্যা রোভারের 'আয়না' অ্যালবামের টাইটেল ট্র্যাক 'আয়না'র মিউজিক ভিডিও। অ্যালবামটি রিলিজ করা হবে দ্যা রোভারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে। মিউজিক ভিডিওটির প্রযোজনা ও পরিচালনায় ছিল 'পারসেপশন মিডিয়া'। সবগুলো গানের মিক্স-মাস্টার করেছেন দেওয়ান এনামুল হাসান (রাজু)। পুরো অ্যালবামের মোট ১৮টি গানের লাইভ রেকর্ডিং করা হয়েছে অন্তরা স্টুডিওতে, মাত্র তিন দিনে।
লাইভ রেকর্ডিংয়ের কনসেপ্টটি বাংলাদেশে তুলনামূলক নতুন। সাধারণত প্রতিটি ইনস্ট্রুমেন্ট আলাদা করে লেয়ার বাই লেয়ার রেকর্ড করা হলেও লাইভ রেকর্ডিংয়ে সব একসাথে রেকর্ড করা হয়। তাই এনার্জিটাও থাকে স্বতঃস্ফূর্ত। টেকনিক্যাল দিক থেকে বিষয়টা কিছুটা ঝক্কির হলেও, নিজেদের সাবলীল পারফরম্যান্সকে ক্যাপচার করতেই দ্যা রোভারের এই সিদ্ধান্ত।
এই অ্যালবামটি কী এবং কেন—জানতে চাইলে দ্যা রোভারের সদস্যরা জানান, 'এই যান্ত্রিক ও ব্যস্ত সময়ে নিজেকে জানা বা নিজের সাথে কথা বলার সময়টুকুই আমরা বের করতে পারি না। গানগুলো বানানোর সময় আমাদের মনে হয়েছে এই উত্তাল জীবনকে একপ্রকার প্রশান্তির আবরণ দিতে গেলে নিজেকে জানা খুব জরুরি। আমরা কেবল নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রাটুকু সুর ও সঙ্গীতের মাধ্যমে শেয়ার করে নিতে চেয়েছি সবার সাথে। আমাদের বিশ্বাস, আমাদের যাত্রায় সঙ্গী হয়ে শ্রোতারাও এই ক্লান্তিহীন গতিময় শহরে একটু থমকে গিয়ে নিজেকে প্রশ্ন করবে, আয়নায় তাকিয়ে চিনতে চাইবে নিজের ভেতরটাকে।'
