‘ভারতের দালাল’ স্লোগান দিয়ে উত্তরায় জি এম কাদেরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জিএম কাদের জানান, এ সময় একদল মানুষ তাকে 'ভারতের দালাল' আখ্যা দিয়ে স্লোগান দেন।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে জি এম কাদেরের বাসাটি অবস্থিত।
জি এম কাদের জানান, আজ সকালে ৫০ থেকে ৬০ জন তরুণ তার বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, 'তারা আমাদের ভারতের দালাল আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। বাসার সামনে বিক্ষোভ করে এবং আমাদের ওপর হামলা চালায়।'
জি এম কাদের আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, 'এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসায় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।'
তিনি বলেন, 'এ বিষয়ে আমরা কাজ করছি আর এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।'
