২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে।
মৃত ৯ জনের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় তিনজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৮২ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা এখন ৮৮ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।
গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
