২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়িয়েছে।
মৃত ছয়জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার, তিনজন খুলনা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৩৪৭ জনে।
এ নিয়ে দেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা ৮৬ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে।
